Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টুচেল বনাম বেলিংহ্যাম দ্বন্দ্বে জেরবার ইংল্যান্ড

টুচেল ও বেলিংহ্যামের দ্বন্দ্বে জেরবার ইংল্যান্ড, সেমি-ফাইনালে লড়াইয়ের প্রস্তুতি। কী বলছেন বিশেষজ্ঞরা?

টুচেল বনাম বেলিংহ্যাম দ্বন্দ্বে জেরবার ইংল্যান্ড
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অ্যাস্টনের পুরানো পাড়া ছেড়ে জিওফ হার্স্ট দীর্ঘদিন গ্লস্টারের বাসিন্দা। ছবির মতো রাস্তায় প্রায় ৫০ মাইল ড্রাইভ করলে বার্মিংহাম। অদূরেই বহুমূল্য কম্পাউন্ড কিনেছেন জুড বেলিংহ্যাম। আর্জেন্তিনা ম্যাচের আগে ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমানের সংলাপ কী হতে পারে? নিঃসন্দেহে টুচেল-ব্রিগেডকে একরাশ শুভেচ্ছা জানাবেন কিংবদন্তি হার্স্ট। ১৯৬৬ সালে তাঁর বিতর্কিত হ্যাটট্রিকেই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আগামী ৩০ জুলাই থ্রি লায়ন্সের বিশ্বজয়ের ৬০ বছর পূর্তি। সেই দলের একমাত্র জীবিত সদস্য হার্স্টকে ঘিরে জমকালো সেলিব্রেশনের ভাবনা ইংল্যান্ডে। কাকতালীয় ভাবে দীর্ঘ ছ’দশকের ব্যবধানে ফের কাপ জেতার স্বপ্ন উঁকি দিচ্ছে থ্রি লায়ন্স ড্রেসিং-রুমে। তবে আর্জেন্তিনাকে হারাতে না পারলে উৎসবের জলাঞ্জলি। বিশেষজ্ঞদের মত, মহাযুদ্ধে বেলিংহ্যামই হতে পারেন টুচেলের ভরসা। আর তাতেই মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা। কারণ এখন টক অব দ্য টাউন, কোচ টুচেল ও বেলিংহ্যাম দ্বন্দ্ব। কে না জানে, দাবানল জ্বালাতে ছোট্ট ফুলকিই যথেষ্ট!

Advertisement

শেষ আটে নরওয়েকে বশ মানায় ইংল্যান্ড। পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন। জোড়া গোলে নায়ক সেই বেলিংহ্যাম। তবে জিতেও স্বস্তি নেই। দলের খেলায় বেশ অসন্তোষ প্রকাশ করেন টুচেল। প্রথমার্ধের ফুটবল দেখে বেশ বিরক্ত পিকফোর্ডদের জার্মান কোচ। ব্রিটিশ মিডিয়া মন্থরার ভূমিকায় লেটার মার্কস পাবে। কয়েক মিনিটের মধ্যেই কোচের অসন্তোষ পৌঁছে যায় বেলিংহ্যামের কানে। তখনো জার্সির ঘাম শুকোয়নি। রক্ত টগবগে। বেলিংহ্যামও পালটা দেন। বলেছিলেন, ‘উনি হয়তো জানেন না, মাঠে নেমে খেলার অভিজ্ঞতা কেমন! হালান্ড, ওডেগার্ডদের মোকাবিলা করা মোটেও সহজ নয়।’ মুহূর্তে শুরু মেগা বিতর্ক। আগুন দেখে দমকলের ভূমিকায় অবতীর্ণ হ্যারি কেন। ইংল্যান্ড স্ট্রাইকারের মন্তব্য, ‘বেলিংহ্যামের মানসিক অবস্থা বুঝি। আবার কোচের যুক্তিও ফেলে দেওয়ার নয়। এসব ভুলে আমরা সেমি-ফাইনালের লড়াইয়ের জন্য তৈরি।’ পাশাপাশি গোটা শিবিরের একটাই প্রার্থনা, ফুঁসতে থাকা বেলিংহ্যাম মাঠে সব রাগ উগরে দিক। টুচেলের সঙ্গে বোঝাপড়ার সময় তো রয়েইছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ