কানসাস সিটি: বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। বুধবার ভারতীয় সময় রাত দেড়টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে থ্রি-লায়ন্স। কিন্তু তার আগেই বিনা মেঘে বজ্রপাত। হ্যারি কেনদের অধিকাংশ ট্রেনিং সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ উঠছে। মাথায় হাত ইংল্যান্ড টিম ম্যানেজেমেন্টের। ট্রাম্পের দেশে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ইমেজ বাঁচাতে তড়িঘড়ি তদন্তে নেমে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফ্লোরিডার কাছে ওয়েস্ট পাম বিচ ইংল্যান্ডের বেসক্যাম্প। কিন্তু টমাস টুচেলের দল ম্যাচ খেলবে কানসাস সিটিতে। ফলে বেস ক্যাম্প থেকে যাবতীয় ট্রেনিং সামগ্রী পাঠানো হয় সেখানে। দল পৌঁছানোর আগেই প্রয়োজনীয় বন্দোবস্ত সেরে রাখাই নিয়ম। কিন্তু মাঝপথেই বিপত্তি। হ্যারি কেন ও জুড বেলিংহ্যামের জুতো পাওয়া যায়নি। মাসাজ টেবিল, হোয়াইট বোর্ড, ট্রেনিংয়ের নানা গুরুত্বপূর্ণ সামগ্রী খোয়া গিয়েছে। এতে প্রচণ্ড বিরক্ত ইংল্যান্ড। দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে থিঙ্কট্যাঙ্ককে। বিশ্বকাপ ঘিরে নিরাপত্তার বজ্রআঁটুনি শহর ঘিরে। তার মাঝে এমন ঘটনা নিয়ে তোলপাড় শুরু মার্কিন মুলুকে। এর আগে ইংল্যান্ড বেশ ক্যাম্প থেকে কিছু দূরে হামলা চালায় বন্দুকবাজ। তা নিয়েও তীব্র শোরগোল শুরু হয়। কিন্তু এবারের ঘটনা ছাপিয়ে গেল সবকিছুই। তবে সমস্যা মিটিয়ে দ্রুত ছন্দে ফিরতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। গ্রুপ ‘এল’-এ থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। গ্রুপ লিগের বাধা টপকাতে সাকা, র্যাশফোর্ড, বেলিংহ্যামদের তেমন কষ্ট হওয়ার কথা নয়। ১৯৬৬’র বিশ্বজয়ীদের আসল পরীক্ষা নক-আউটেই।