মায়ামি: নরওয়ে ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ইংল্যান্ড। শনিবার ভারতীয় সময় রাত ২-৩০ মিনিটে হালান্ডদের বিরুদ্ধে নামছে থ্রি লায়ন্স। ব্রাজিলকে ছিটকে দিয়ে শেষ আটে পৌঁছেছে নরওয়ে। তার উপর দুরন্ত ফর্মে আর্লিং হালান্ড। ইতিমধ্যেই তাঁর নামের পাশে ৭ গোল। তাঁকে রোখাই ইংল্যান্ড কোচ টমাস টুচেলের চ্যালেঞ্জ।
শেষ ষোলোয় মেক্সিকোকে হারায় ইংল্যান্ড। চোট সমস্যায় ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার মার্ক গুয়েহিকে পাননি টুচেল। তবে টিম-ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে এদিন অনুশীলন শুরু করেছেন তিনি। নির্ভরযোগ্য ডেকলান রাইস পুরো সুস্থ নন। কাফ মাসলে চোট তাঁর। রিহ্যাব শুরু করলেও নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত তিনি। এছাড়া জর্ডন হেন্ডারসনের চোট নিয়েও চিন্তায় ইংল্যান্ড শিবির। পাশাপাশি হ্যারি কেন ও জুড বেলিংহ্যামের ফর্ম আশা জাগাচ্ছে। চলতি বিশ্বকাপে কেনের লক্ষ্যভেদের সংখ্যা ৬। কঙ্গোর বিরুদ্ধে জোরালো শটে তাঁর দ্বিতীয় গোল মুগ্ধ করেছে বিশেষজ্ঞদের। সবমিলিয়ে বিশ্বকাপে ১৪ গোলের মালিক কেন। চোট-অসুস্থতায় নরওয়েও বিব্রত। সর্দি, জ্বরে কাবু ছিলেন কয়েকজন ফুটবলার। তবে কোচ সোলবাকেন পুরো শক্তি নিয়েই ইংল্যান্ডের মুখোমুখি হতে আশাবাদী। ইতিহা ছোঁয়ার হাতছানি ভাইকিংদের সামনে। এর আগে কখনো বিশ্বকাপের শেষ চারে পৌঁছায়নি নরওয়ে। সেই সোনার সুযোগ হাতছাড়া করতে নারাজ নরওয়ে। শক্তিশালী আপফ্রন্ট তাদের সম্পদ। ইতিমধ্যেই ১২ টি গোল করেছে নরওয়ে। তবে রক্ষণ ত্রুটিমুক্ত নয়। ১০টি গোল হজম করেছে তারা। ইংল্যান্ডের আক্রমণের মোকাবিলা করা বেশ কঠিন পরীক্ষা।