Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

কোরিয় আধিপত্যের অবসান, এশিয়ান গেমসে সোনার ইতিহাস ভারতের মহিলা রিকার্ভ দলের

এশিয়ান গেমসের মহিলা রিকার্ভ টিম ইভেন্টে ইতিহাস গড়ল ভারত। অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম মোহদের দুর্দান্ত পারফরম্যান্সে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারত

কোরিয় আধিপত্যের অবসান, এশিয়ান গেমসে সোনার ইতিহাস ভারতের মহিলা রিকার্ভ দলের
  • ২ অক্টোবর, ২০২৬ ১০:২৩
Prefer us on Google

জাপান, ২ অক্টোবর: এশিয়ান গেমসের মহিলা রিকার্ভ টিম ইভেন্টে ইতিহাস গড়ল ভারত। অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম মোহদের দুর্দান্ত পারফরম্যান্সে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারত। একইসঙ্গে মহিলা রিকার্ভ টিম ইভেন্টে কোরিয়ার দীর্ঘ ৪৪ বছরের আধিপত্যের অবসান ঘটাল এই তিন তিরন্দাজ। 

Advertisement

প্রতিযোগিতা শুরুর আগে অবশ্য ভারতীয় দলকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। কারণ রিকার্ভে দক্ষিণ কোরিয়ার আধিপত্য দীর্ঘদিনের। ওয়ার্ল্ডচ্যাম্পিয়ন কোরিয়ার দলে ছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা কাং চেয়ং। কিন্তু প্রতিপক্ষের খ্যাতি বা র‌্যাঙ্কিং কোনও কিছুই মাথায় রাখেননি অঙ্কিতা, কীর্তি ও কুমকুম। ফলে বাজিমাত করে সোনা নিজের করে নিল ভারতীয় দল। এই তিন তিরন্দাজের সাফল্যের পিছনের গল্পও কম আকর্ষণীয় নয়। কুমকুম মাত্র তিন বছর আগে রিকার্ভের প্রশিক্ষণ শুরু করেন। তাঁর তিরন্দাজি জীবনের শুরু হয়েছিল বাঁশের ধনুক দিয়ে। অপরদিকে কীর্তিকে একসময় বলা হয়েছিল রিকার্ভ বো ধরে প্রতিযোগিতার চাপ সামলানোর জন্য তিনি নাকি খুবই রোগা। পাশাপাশি অঙ্কিতা দীর্ঘদিনের অভিজ্ঞ যোদ্ধা। আন্তর্জাতিক মঞ্চে তাঁর ঝুলিতে রয়েছে মোট ২৩টি পদক। হ্যাংঝৌ এশিয়ান গেমসে মহিলা রিকার্ভ দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন অঙ্কিতা। কিন্তু ভারতীয় দল কখনও এই ইভেন্টের ফাইনালে উঠতে পারেনি। এইবার সেই ইতিহাসই বদলে দিলেন তাঁরা। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল চিন। ম্যাচজুড়ে চাপ থাকলেও ভারতীয় দলের মধ্যে কোনোরকম আতঙ্ক দেখা যায়নি। কখনো আট বা নয় উঠলেও একে অপরকে সাহস জুগিয়েছেন এই তিনজন। প্রয়োজনের মুহূর্তে এসেছে নিখুঁত ১০।

সেমিফাইনালের প্রথম ও দ্বিতীয় সেটে শেষ তিরে ১০ পয়েন্টের লক্ষ্যভেদ করে ভারতকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন কীর্তি। শেষ সেটেই ম্যাচ সমতায় ফেরানোর প্রয়োজন ছিল ভারতের। সেখানেও কীর্তির নিখুঁত শট ভারতকে ৫-১ ব্যবধানে জয় এনে দেয়। আর এরপরই ফাইনালে সামনে ছিল বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই কাং, লি ও ইয়ে-জিনের কোরিয় দল চাপ তৈরি করলেও ভারতীয় ত্রয়ী একবারও ছন্দ হারাননি। প্রথম দুই সেটে কোরিয়া যথাক্রমে ৫৪ ও ৫৬ পয়েন্ট সংগ্রহ করে। অপরদিকে ভারতও একই স্কোর করে ম্যাচ ২-২ অবস্থায় নিয়ে যায়।

তবে তৃতীয় সেটে বড় ধাক্কা খায় কোরিয়া। ছয়টি তিরের মধ্যে চারটিতেই ৮ আসে তাঁদের। সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারত ৫৫ পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে যায়। এরপর চতুর্থ সেটে কোরিয়ার স্কোর ছিল ৫৪। ফলে সোনা নিশ্চিত করতে ভারতকেও অন্তত ৫৪ পয়েন্ট করতে হত। শেষদিকে কীর্তির একটি তির প্রথমে ৮ হিসেবে ধরা হলেও রিভিউয়ের পর তা ৯ ঘোষণা করা হয়। তাতেই ভারতের স্কোর দাঁড়ায় ৫৪। আর তাঁরপর সেট ড্র হওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় ভারতের ঐতিহাসিক সোনা। অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম মোহদের এই সাফল্য শুধু একটি সোনার পদকই নয় মহিলা রিকার্ভ টিম ইভেন্টে ভারতীয় তিরন্দাজির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ