পুজোর আগে রাস্তা সারাইয়ের ফাঁকা প্রতিশ্রুতি মহালয়ার পরেও দুর্ভোগে ১৯ নম্বর ওয়ার্ড
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: পুজোর আগে শহরের বেহাল রাস্তার ভোলবদলের প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর ইস্পাতনগরী সফরের আগে রাস্তা সংস্কারের কাজ শেষ করার ঘোষণাও করা হয়েছিল জোর গলায়। কিন্তু মহালয়া পেরোলেও কাজের কাজ কিছুই হয়নি। কোথাও পিচ উঠে বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কাল, কোথাও বড়ো বড়ো গর্ত। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমছে, জল ঢুকছে বাড়িতেও। দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বেনাচিতি, আনন্দধারা, রাধাকৃষ্ণপল্লি ও সুভাষপল্লির বাসিন্দাদের অভিযোগ, প্রতিশ্রুতির ফুলঝুরি ছাড়া পুরসভার তরফে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। পুজোর মুখে নাগরিক দুর্ভোগের এই ছবি পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় বাসিন্দা অনির্বাণ শিটের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার হয়নি। খানাখন্দে ভরা রাস্তায় চলাচল কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার হাল এমনই যে অটোচালকদের একাংশ ওই পথে যেতে চান না। কেউ বেশি ভাড়া চাইছেন, কেউ মাঝপথে আবার নামিয়ে দিচ্ছেন। ভোটের আগে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। পুজোর আগে কাজ শুরু না হলে এতটা রাস্তা কীভাবে সারানো সম্ভব, সেই প্রশ্নও তুলছেন তিনি। ম্যাটাডোর চালক শুভঙ্কর দাসের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তার পাশের নিকাশি নালাগুলির অবস্থা এতটাই বেহাল যে জমা জলে রাস্তা ও নালার ফারাক বোঝা যায় না। বড় গাড়ি নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। টোটোচালক রণজিৎ মণ্ডল বলেন, ভোটের সময় রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। প্রশাসনের আধিকারিকদের যাতায়াতের পথেও এই দুরবস্থা থাকলে তা তাঁদের নজর এড়ায়  কীভাবে, সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যদিও দায় ঝেড়ে ফেলতে নারাজ পুরনিগম। কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম জানান, পুরনিগমের অধীন ৮০ শতাংশ রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। টেন্ডার অনুমোদনে দেরি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজে বিলম্ব হয়েছে। বাকি রাস্তাগুলির কাজও  সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। এই ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর কটাক্ষ, মে মাসে ভোটে জেতার পরেও যাঁরা পরিষেবা, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নতি করতে পারেননি, তাঁদের কাছ থেকে আর কী প্রত্যাশা করা যায়? দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুইয়ের দাবি, লাগাতার বৃষ্টির কারণেই কাজ শুরু করতে দেরি হয়েছে। কিছু জায়গায় কাজ শুরু হয়েছে।  

Advertisement