নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের আলো হাবে কর্মসংস্থানমুখী দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করল রাজ্য সরকার। সোমবার এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। মূলত তিন ধরনের প্রশিক্ষণ দিতে এই কেন্দ্র চালু করা হয়েছে, হাউস ওয়্যারিং টেকনিশিয়ান, আলোকসজ্জা ও আলোকবিন্যাস এবং হসপিটালিটি কোর্স। তা নিখরচায় মিলবে। স্থানীয় এবং এই রাজ্যের যুবক-যুবতীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও কাজের সুযোগ তৈরির জন্য আলো হাব ভবনের একাংশে কেন্দ্র চালুর সিদ্ধান্ত হয়েছিল। এদিন পথচলা শুরু। ইন্দ্রনীল সেন বলেন, ‘বিশেষজ্ঞদের এবং বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নিয়েছি। এর ফলে উন্নতমানের প্রশিক্ষণ ও শংসাপত্র মিলবে। যা কর্মমুখী প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। রাজ্যের শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে জোর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন। কর্মমুখী দক্ষতা বিকাশ কেন্দ্র সেই পরিকল্পনারই অঙ্গ। আমরা ভবিষ্যতে এর পরিধি আরও বিস্তার করব।



