নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অলঙ্কার তৈরির নামে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে গিরিশ পার্ক থানার পুলিশ মঙ্গলবার এক সোনার দোকানের কর্মীকে পাকড়াও করে। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ২১ আগস্ট পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই কর্মচারী বিভিন্ন সময় সোনা নিয়ে গয়না তৈরি করে দোকান মালিককে সরবরাহ করতেন। সম্প্রতি ওই বিপুল টাকার সোনা নিয়ে অলঙ্কার সরবরাহ না করে তা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ ওঠে ওই কর্মচারীর বিরুদ্ধে। এনিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে তাঁকে পাকড়াও করা হয়।



