Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোচ স্কালোনির চিন্তা বাড়াচ্ছে এমিলিয়ানোর চোট, কানসাস সিটিতে প্রস্তুতি শুরু মেসিদের

আর্জেন্তিনা কোচ স্কালোনি মেসির চোট নিয়ে চিন্তিত। কানসাস সিটিতে প্রস্তুতি শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন।

কোচ স্কালোনির চিন্তা বাড়াচ্ছে এমিলিয়ানোর চোট, কানসাস সিটিতে প্রস্তুতি শুরু মেসিদের
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

কানসাস সিটি: বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়ল আর্জেন্তিনা। সোমবার কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে গা ঘামালেন আলভারেজ-সিমিওনেরা। তবে প্রথম দিনের ট্রেনিংয়ে সকলের নজর ছিল দলের প্রাণভ্রমরা লায়োনেল মেসির দিকে। গত ২৫ মে ইন্তার মায়ামির হয়ে খেলাকালীন হ্যামস্ট্রিংয়ে টান ধরে তাঁর। ডাক্তাররা দু’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তবে সময়ের আগেই প্রস্তুতিতে নেমে পড়লেন আর্জেন্তাইন মহাতারকা। প্রথম দিনের অনুশীলন বেশ কিছুটা সময় জিমে কাটান তিনি। তারপর সতীর্থদের সঙ্গে কাপ যুদ্ধের মহড়াতে দেখা যায় বাঁপায়ের জাদুকরকে। আগামী ৭ জুন হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেখানে মেসিকে রেখেই দল সাজাতে পারেন কোচ স্কালোনি।

Advertisement

মেসির মাঠে ফেরার মধ্যেই দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের চোট ক্রমশ চিন্তা বাড়াচ্ছে আর্জেন্তিনা শিবিরে। ইউরোপা লিগ ফাইনালে বাঁহাতের আঙুলে হালকা চিড় ধরেছিল এই তারকা দুর্গপ্রহরীর। সেই নিয়েই দলকে খেতাব এনে দিয়েছিলেন ‘ডিবু’। তবে তারপর তাঁর চোটের জায়গায় স্ক্যান করা হয়। চিকিৎসকরা তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন। তাই বিশ্বকাপের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দিলেও, অনুশীলনে দেখা যায়নি তাঁকে। সোমবার মাঠের বাইরে থেকেই সতীর্থদের ট্রেনিং দেখেন এমিলিয়ানো। সূত্রের খবর, বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে স্কালোনিকে। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারকা গোলরক্ষককে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
এদিকে, আসন্ন বিশ্বকাপে ট্রফি ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্তিনা কোচ লায়োনেল স্কালোনি। তবে সেই কাজটা যে সহজ হবে না, তাও স্বীকার করে নেন মেসিদের হেড স্যার। আর্জেন্তিনার পাশাপাশি কাপ যুদ্ধের লড়াইয়ে স্কালোনির ফেভারিটের তালিকায় রয়েছে স্পেন, ‌ফ্রান্স, পর্তুগাল সহ একাধিক দেশ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনও লড়াই সহজ নয়। এবার টুর্নামেন্টে দল সংখ্যা অনেকটাই বেড়েছে। তাই চ্যাম্পিয়ন হতে হলে আরও বেশি ধারাবাহিক হতে হবে। এবার আমাদের উপর অনেক প্রত্যাশা। আর সেই চাপ কাটিয়েই সেরাটা মেলে ধরতে হবে।’
২০১৮ সালে এক কঠিন সময়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। শুরুর দিনগুলি মোটেই সহজ ছিল না তাঁর জন্য। এমনকি, তাঁর যোগত্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং ডিয়েগো মারাদোনা। তবে যাবতীয় সমালোচনা দূরে সরিয়ে নীরবে কাজ করে গিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে পারেন স্কোলোনি। এমনকি, তাঁকে কোচ করতে মরিয়া রিয়াল মাদ্রিদ। মেসিদের হেড স্যার অবশ্য ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন। 

সম্পর্কিত সংবাদ