ওয়াশিংটন: ২০২৪ সালের মে মাস থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক। গত এক বছরে অর্থাৎ ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত দিনে প্রায় ৮৮ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা) করে বেড়েছে এই ধনকুবেরের সম্পত্তি। সম্প্রতি বেস্টব্রোকার্স নামে এক সংস্থার সমীক্ষায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। ফোর্বসের রিয়েল টাইম বিলিওনেয়ারের তালিকার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই রিপোর্ট। উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সেইসূত্রে বিশ্বের প্রথম ট্রিলিওনেয়ারের তকমা পান মাস্ক। কিন্তু গত মাসে শেয়ারের দরপতনেরে জেরে সেই মুকুট হারান তিনি। এরইমাঝে প্রকাশ্যে এল মাস্কের সম্পত্তির খতিয়ান। বেস্টব্রোকার্সের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। এর জেরে মাস্ক, মাইকেল ডেল, ল্যারি পেজের মতো টেক জায়ান্টরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। এক্ষেত্রে মাস্কের পরে রয়েছেন ডেল টেকনোলজিজের প্রতিষ্ঠাতা ও সিইও মাইকেল ডেল। সংশ্লিষ্ট সময়কালে তাঁর ১০৭.৬ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়েছে।



