Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ছিটকে গিলেন এলিস, বিপাকে সুপার কিংস

আইপিএলের শুরুতেই জোর ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন অজি পেসার নাথান এলিস। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। দলের সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, ‘এটা আমাদের কাছে বড় ধাক্কা।

ছিটকে গিলেন এলিস, বিপাকে সুপার কিংস
  • ২০ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

চেন্নাই: আইপিএলের শুরুতেই জোর ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন অজি পেসার নাথান এলিস। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। দলের সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, ‘এটা আমাদের কাছে বড় ধাক্কা। ডেথ ওভারে নাথান এলিস ছিলেন দলের অন্যতম সেরা ভরসা। ওর পরিবর্ত নেওয়ার প্রস্তুতি চলছে। চূড়ান্ত হলে জানানো হবে।’

Advertisement

গত চার বছর ধরে শ্রীলঙ্কার পেসার পাথিরানাই ডেথ ওভারে চেন্নাইয়ের দায়িত্ব সামলেছেন। ধোনির পরামর্শে আইপিএলে সাড়া ফেলেছিলেন তরুণ পেসার। এবার তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। চেন্নাইয়ের পেস আক্রমণ আহামরি নয়। খলিল আহমেদের সঙ্গে রয়েছেন মুকেশ চৌধুরি, ম্যাট হেনরি ও আকিল হোসেন। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্ন হচ্ছে। ফলে সিএসকে’র প্রস্তুতি শিবিরে এখনও যোগ দিতে পারেননি আকিল হোসেন। ২৪ মার্চের আগে তাঁর পৌঁছানোর সম্ভাবনা কম। তবে আফগানিস্তানের স্পিনার নুর আহমেদ চলে এসেছেন চেন্নাইয়ে। বৃহস্পতিবার চেক ইন করেছেন ইংল্যান্ডের জেমি ওভারটন। শনিবারের মধ্যে আসার কথা ব্রেভিস, ম্যাট হেনরিদের। 
পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ছাব্বিশের আইপিএলে দল গঠনে দিয়েছে বড় চমক। রবীন্দ্র জাদেজাকে ছেড়ে তারা সই করিয়েছে সঞ্জু স্যামসনকে। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, ধোনি পরিবর্তী সময়ে দলের হাল ধরার পরিকল্পনা থেকেই সঞ্জুকে নেওয়া। এখন ঋতুরাজ গায়কোয়াড় অধিনাকত্ব করছেন। তবে সব ঠিক থাকলে নেতৃত্বের হাত বদল দেখা যেতে পারে। সেক্ষেত্রে দৌড়ে এগিয়ে থাকবেন সঞ্জু স্যামসনই। তবে অধিনায়ক যে-ই হোক না কেন, চেন্নাই সুপার কিংসের শেষ কথা ধোনিই। তিনিই অঘোষিত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ফলে ধোনি এখন ‘আনক্যাপড ক্রিকেটার’ হিসেবে খেলেন সুপার কিংসে। উইকেটের পিছনে দস্তানা হাতে তাঁর উপস্থিতি দলকে দারুণ উজ্জীবিত করে। ব্যাট হাতেও গত আইপিএলে চমক দিয়েছিলেন। তবে বয়স বেড়েছে। কমেছে রিফ্লেক্স। ধোনি সেটা বুঝতে পারছেন। তাই তাঁর অবসর নিয়েও জল্পনা তীব্র। এবারও সবাইকে ভুল প্রমাণিত করে তিনি মাঠে নামার জন্য প্রস্তুত। প্র্যাকটিসে নিজেকে নিংড়ে দিচ্ছেন। আসলে অস্তমিত সূর্যের মতো আলো ছড়াতে চান মাহি। সেই লক্ষ্যে তিনি কতটা সফল হন, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ