নয়াদিল্লি: হাতি করিডরগুলি সুরক্ষিত রাখতে হবে। শুধুমাত্র ফসল নষ্ট হচ্ছে বলে রাজ্যগুলি হাতি চলাচলের পথে বাধা দিতে পারে না। বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচল যেন বিঘ্নিত না হয়, সেই বিষয়ে নজর দিতে হবে। সোমবার এক মামলার শুনানিতে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন্দ্র সরকারকে শীর্ষ আদালতের নির্দেশ— দেশজুড়ে হাতি চলাচলের পথগুলি যেন নতুন করে সমীক্ষা করা হয়।
এদিনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘হাতির পাল দীর্ঘ পথ পাড়ি দেয়। স্পষ্ট করে বলে দিতে চাই, বন্যপ্রাণীর পথে কোনো বাধা থাকতে পারে না। ফসল নষ্ট হচ্ছে বলে রাজ্যগুলি ইচ্ছেমতো হাতি যাওয়ার পথ বন্ধ করতে পারে না।’ শীর্ষ আদালতের আরও বক্তব্য, ‘আমরা খবর পেয়েছি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা হাতি করিডরগুলি বাধামুক্ত রাখতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তবে কিছু স্থানীয় কারণে সেই পথ বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রককে নতুন করে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হচ্ছে। এই ধরনের বাধা দূর করতে গৃহীত উদ্যোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ সহ একটি বিশদ রিপোর্টও জমা দিতে হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহার বা কোথাও কোনো জবরদস্তির ঘটনা থাকলে, তা উল্লেখ করতে হবে।’