Bartaman Logo
১ জুন, ২০২৬

৫ রাজ্যের ভোটের ফল কাল, নেতা ও কর্মীহীন বিজেপির কেন্দ্রীয় অফিস

সোমবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ ফলাফল। এর মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। বাংলার বিজেপি নেতারা প্রাক-নির্বাচন পর্ব থেকেই সম্ভাব্য ফল নিয়ে বড়ো বড়ো কথা বলে চলেছেন।

৫ রাজ্যের ভোটের ফল কাল, নেতা ও কর্মীহীন বিজেপির কেন্দ্রীয় অফিস
  • ৩ মে, ২০২৬ ০৪:০০

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: সোমবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ ফলাফল। এর মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। বাংলার বিজেপি নেতারা প্রাক-নির্বাচন পর্ব থেকেই সম্ভাব্য ফল নিয়ে বড়ো বড়ো কথা বলে চলেছেন। ভোট প্রক্রিয়া মিটে যাওয়ার পর তাঁদের বাগাড়ম্বর বেড়েছে বই কমেনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এত গুরুত্বপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও ফলাফল প্রকাশের মাত্র দু’দিন আগে বিজেপির কেন্দ্রীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, রবিবার অফিস ছুটি! তাই দলের সর্বভারতীয় কার্যালয়ে কোনো শীর্ষ নেতার দেখা সেভাবে মিলবে না। যা হবে, তার পুরোটাই সোমবার। আশ্চর্যজনকভাবে ভোটের ফলের দু’দিন আগেও আক্ষরিক অর্থেই নিরুত্তাপ বিজেপির কেন্দ্রীয় পার্টি। দলীয় কার্যালয় দৃশ্যতই উচ্ছ্বাসহীন। শুধু তাই নয়। অতি গুরুত্বপূর্ণ ফল প্রকাশের ৪৮ ঘণ্টা আগেও এমনকি আগবাড়িয়ে কোনো মন্তব্যেই রাজি নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বরং শঙ্কার মেঘই ছড়িয়ে রয়েছে গেরুয়া শিবিরের প্রায় সর্বত্র। শনিবার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সর্বভারতীয় কার্যালয়ের সার্বিক আবহে এসংক্রান্ত জল্পনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

Advertisement

এদিন বিজেপির সদর কার্যালয়ে গিয়ে দেখা গেল, গোটা পার্টি অফিস চত্বর কার্যত খাঁ খাঁ করছে। ভিড় যেটুকু রয়েছে, তার একটি বড়ো অংশই সংবাদমাধ্যমের। সকালের দিকে পার্টি অফিসে এসেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী। বেরিয়ে গিয়েছেন অল্প সময় পরেই। কেন্দ্রীয় নেতাদের মধ্যে শুধু ছিলেন সঞ্জয় ময়ূখ। সাধারণত পার্টি কার্যালয়েই মধ্যাহ্নভোজ সারেন তিনি। তারপর হাল্কা বিশ্রাম নেন। শনিবার প্রধানত ওই বিশ্রামটুকুর সময়েই সঞ্জয় ময়ূখ ছিলেন কার্যালয়ে। তারপর বেরিয়ে গেলেন তিনিও। নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয় আদতে একটি বহুতল। কিন্তু এর লিফট যায় তিন তলা পর্যন্তই। আগাম অ্যাপয়েন্টমেন্ট না থাকলে সংবাদমাধ্যমের প্রতিনিধিই হোন, অথবা সাধারণ পার্টিকর্মী - তিন তলার উপরে ওঠার অনুমতি কারও নেই। কারণ সেটি হেভিওয়েট জোন! তিন তলার যে বিস্তৃত করিডর, সেখানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সম্পাদকদের অফিস। রয়েছে তরুণ চুঘ, অরুণ সিং, বিনোদ তাওড়েদের ‘চেম্বার’। সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফলের মাত্র ৪৮ ঘণ্টা আগে এমন হাইপ্রোফাইল একটি রাজনৈতিক করিডর ছিল একেবারেই জনমানবশূন্য। কেন্দ্রীয় নেতৃত্বের ঘরগুলি তালাবন্দ। লাইট অফ। 
শনিবার সেই তিন তলার করিডরে ঘুরে দেখা গেল, বসে আছেন শুধু নিরাপত্তা রক্ষীরা। বললেন, শনিবার কাউকে পাবেন না। রবিবারও কেউ আসবেন না। ছুটি তো। সোমবার সকলকেই পাবেন। ওইদিন আসুন। কোনো গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের ফল প্রকাশের দু’দিন আগে শেষ কবে এমন উত্তাপহীন বিজেপি পার্টি অফিস প্রত্যক্ষ করা গিয়েছে? বিজেপি পার্টি অফিসের বাইরে অবশ্য বরাবরের মতোই অস্থায়ী মিডিয়া রুম তৈরির কাজ চলছে। 

সম্পর্কিত সংবাদ