নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাতসকালে জনবহুল এলাকায় বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনিয়ে বাইকে করে পালাল দুই ছিনতাইবাজ। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বালির তর্কসিদ্ধান্ত লেন ও জিটি রোড সংলগ্ন এলাকায়। অভিযোগ, মন্দির থেকে পুজো দিয়ে একাই বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। সেই সময় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। অভিযোগ পাওয়ামাত্র তদন্তে নামে বালি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ৭০ বছরের মীরা ভূতিকা। প্রতিদিনের মতো কাছেই একটি মন্দিরে পুজো দিতে যান তিনি। পুজো সেরে হেঁটে তর্কসিদ্ধান্ত লেন দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় একটি বাইকে চেপে দুই যুবক তাঁর কাছে আসে। ‘কাকিমা’ বলে ডেকে তাঁকে দাঁড় করায় তারা। এরপর কথা বলার ফাঁকে আচমকা তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই বাইকে করে জিটি রোডের দিকে পালিয়ে যায় তারা। মীরাদেবীর চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে এসে বাইকটির পিছনে ধাওয়া করেন। কিন্তু ততক্ষণে গতি বাড়িয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন মীরাদেবী এবং তাঁর পরিবারের সদস্যরা। ব্যস্ত এলাকায় সাতসকালে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বৃদ্ধার অভিযোগ, তিনি যে একা বাড়ি ফেরেন, তা দুষ্কৃতীরা আগে থেকে জানত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয়দের একাংশের অনুমান, তাঁর দৈনন্দিন যাতায়াতের উপর নজর রেখে পরিকল্পিতভাবে ছিনতাই করা হয়েছে। ঘটনার পর বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মীরাদেবী। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।