


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রতারণার শিকার হলেন ৭৫ বছরের এক বৃদ্ধা। অভিযোগ, তাঁর সব সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। রেণুমালা সাহা নামে ওই বৃদ্ধার কাছে এক যুবক এসে নিজেকে হাসপাতালের কর্মী বলে পরিচয় দেন। এরপর ইসিজি ও রক্ত পরীক্ষা করানোর জন্য তিনি বৃদ্ধাকে হাসপাতালেরই একটি ঘরে নিয়ে যান। সেখানে গিয়ে যুবক বলেন, ইসিজি করার জন্য তাঁকে সোনার গয়না সব খুলতে হবে। তাঁর কথা অনুযায়ী, বৃদ্ধা সোনার গয়নাগুলি খুলে একটি ব্যাগে রেখে দেন। তারপর ইসিজি ও রক্ত পরীক্ষা করতে একটি ঘরে ঢোকেন।
কিন্তু কিছু সময় যাওয়ার পর সেই যুবকের কোনও খোঁজ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন, সেই গয়নার ব্যাগটি নিয়ে চম্পট দিয়েছেন প্রতারক যুবক। তখন তিনি চিৎকার করায় আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে আসে ঘোলা থানার পুলিশও।
উল্লেখ্য, এর আগেও পানিহাটি হাসপাতালে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠেছে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। এই অবস্থায় হাসপাতালের নিরাপত্তা আরও বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন বিধায়ক তথা পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল ঘোষ। তবে এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছে বিজেপি।