মুম্বই, ৩ অক্টোবর: শিবাজি পার্কে ককরোচ জনতা উন্নয়ন পার্টির বিক্ষোভ চলাকালীন বৃদ্ধের মৃত্যু! শুক্রবার সিজেপির ডাকা ‘জেল ভরো’ কর্মসূচিতে সামিল হয়েছিলেন গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর, শনিবার শিবাজি পার্ক থানার এক পুলিশ আধিকারিকের তরফে একথা জানানো হয়েছে। গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ সহ আরও একাধিক দাবিতে সিজেপি-র ডাকা এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন হাজার হাজার আন্দোলনকারী।
পুলিশ সূত্রের খবর, গোপালকৃষ্ণ শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সেখানে পৌঁছে যান। এরপরে তাঁর বুকে ব্যাথা শুরু হয়। সেখানে কর্মরত পুলিশ আধিকারিক এবং পিল্লাইয়ের কয়েকজন বন্ধুদের সাহায্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই শিবাজি পার্কে ভিড় বাড়তে থাকে। নিরাপত্তাও বাড়ানো হয় প্রশাসনের তরফে। অনুমতি দেওয়া হয়নি কোনো কর্মসূচির। তবুও সিজেপি নেতারা সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হতে বলেন। বিকেল ৪টে থেকে সেখানে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। ‘ককরোচদের’ ডাকে সামিল হন হাজার হাজার বিক্ষোভকারী।