


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রথমে বিদ্যুৎ বিল বকেয়ার কথা বলে ফোন। তারপর মোবাইলে পাঠানো হয় একটি লিংক। সেই লিংকে ক্লিক করতেই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় দু’লক্ষ টাকা। এভাবেই প্রতারণার শিকার হলেন দাশনগরের বৃদ্ধ দম্পতি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়া সিটি পুলিশের সাইবার সেল ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ মার্চ দুপুরে দাশনগরের বাসিন্দা অনিরুদ্ধ মুখোপাধ্যায়ের স্ত্রীর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কর্মী হিসাবে পরিচয় দেয়। সে বৃদ্ধাকে জানায়, তাঁদের বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এবং অবিলম্বে তা মিটিয়ে না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরপর ওই নম্বর থেকে বৃদ্ধার মোবাইলে একটি লিংক পাঠানো হয়। বলা হয়, ওই লিংক ডাউনলোড করে তাতে বিদ্যুৎ বিলের টাকা জমা করতে হবে। প্রতারকের কথামতো বৃদ্ধা লিংকটি খুলে প্রয়োজনীয় তথ্য দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ১ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা তুলে নেওয়া হয়।
মোবাইলে টাকার লেনদেন সংক্রান্ত মেসেজ আসতেই বিষয়টি বুঝতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে স্বামী অনিরুদ্ধ মুখোপাধ্যায়কে ফোনে জানান। অনিরুদ্ধবাবু তড়িঘড়ি বিদ্যুৎ দপ্তরে গেলে জানতে পারেন, সেদিন অফিস বন্ধ ছিল এবং এ ধরনের কোনো ফোন বা লিংক পাঠানো হয়নি। তখনই তাঁরা বুঝতে পারেন, প্রতারকের ফাঁদে পড়েছেন। অনিরুদ্ধবাবু হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখার হেল্পলাইন নম্বরে ফোন করে পুরো ঘটনাটি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত খোয়া যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।