Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লরির ধাক্কায় মৃত্যু অ্যাপ বাইকে সওয়ার প্রবীণের, তুমুল বিক্ষোভ-অবরোধ

ফের দুর্ঘটনার মুখে অ্যাপ বাইক। এবার লরির ধাক্কায় অ্যাপ বাইকে সওয়ার এক প্রবীণ যাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বাগুইআটির কেষ্টপুরে।

লরির ধাক্কায় মৃত্যু অ্যাপ বাইকে সওয়ার প্রবীণের, তুমুল বিক্ষোভ-অবরোধ
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের দুর্ঘটনার মুখে অ্যাপ বাইক। এবার লরির ধাক্কায় অ্যাপ বাইকে সওয়ার এক প্রবীণ যাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বাগুইআটির কেষ্টপুরে। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ভিআইপি রোড অবরোধ করেন। তার জেরে কলকাতা থেকে এয়ারপোর্টগামী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে বাগুইআটি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত যাত্রীর নাম মনোজ কুমার রাঠি (৬৫)। ওই দুর্ঘটনায় জখম হয়েছেন অ্যাপ বাইক চালক শিবেশ ঝা। বছর পঁচিশের ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, এর আগে বিধাননগরে একাধিকবার অ্যাপ বাইক দুর্ঘটনা ঘটেছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে বাগুইআটির নারায়ণতলা সিগন্যালে বাসের ধাক্কায় এক অ্যাপবাইক চালকের মৃত্যু হয়েছিল। চলতি বছরে সল্টলেকে অ্যাপ বাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উল্টোডাঙার দিক থেকে ব্যবসায়ী মনোজকুমার রাঠি ওই অ্যাপ বাইকে নারায়ণপুরের বাড়িতে ফিরছিলেন। তাঁর বাড়ি কলকাতায়। এখন নারায়ণপুরেই থাকছিলেন। বাড়িতে রয়েছেন স্ত্রী। ছেলে বেঙ্গালুরুতে কর্মরত। দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। শুরু হয় অবরোধ। তাঁদের অভিযোগ, রাস্তায় থাকা গার্ডরেল পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা রাস্তা থেকে গার্ডরেল তুলে ফেলেও দেন।
যদিও দুর্ঘটনার নেপথ্যে গার্ডরেলের যোগ মানতে নারাজ পুলিশ। ওই মোড়ে বাসের লেন আলাদা করার জন্য গার্ড রেল বসানো হয়েছিল বলে দাবি পুলিশের। সেই সঙ্গে মিলেছে দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যামেরায় দেখা গিয়েছে, বাইকটি দুটি বাসের মাঝ বরাবর বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এক সময়ে সেটি বাস ও লরির মাঝখানে চলে যায়। তারপর বাঁ দিক থেকেই ওই লরিকে অতিক্রম করতে যাচ্ছিল। লরির সামনের চাকার সঙ্গে সংঘর্ষ হয়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। যাত্রী ছিটকে পড়লে লরির চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে। দুর্ঘটনার পরই লরিটিকে আটক করা হয়েছে। চালকও গ্রেপ্তার। অ্যাপ বাইক চালকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ