নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের রেশ এখনও কাটেনি। তারই মধ্যে ঢাকে কাঠি পড়েছে আইএসএলে। একইসঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র ম্যাচ খেলছে ইস্ট বেঙ্গল। এবার ২৫ নভেম্বর শহরে হতে চলেছে এল ক্লাসিকো। স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে এই ম্যাচে নজর থাকে গোটা বিশ্বের। এবার তারই স্বাদ পেতে চলেছে কলকাতাবাসী। তবে রিয়াল কিংবা বার্সেলোনার বর্তমান দলের আসার সম্ভাবনা ক্ষীণ। কারণ, ২৩ নভেম্বর লা লিগায় দুই বড়ো ক্লাবেরই ম্যাচ রয়েছে। আশা করা যায়, দু’দলের প্রাক্তনীরা অংশ নেবেন এই ম্যাচে। সবকিছু ঠিক থাকলে, রোনাল্ডিনহো, রিভাল্ডো, রোবার্তো কার্লোস, জাভি হার্নান্ডেজ, লুইস ফিগো, মাইকেল আওয়েল, পেপের মতো প্রাক্তনীদের দেখা যেতে পারে। সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচের টিকিটের দাম সাধ্যের মধ্যেই রাখা হচ্ছে।



