


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পরীক্ষা দিতে এসে স্কুলেই অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল অষ্টম শ্রেণির ছাত্র। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে সোনারপুর থানার কোদালিয়ার একটি বেসরকারি স্কুলে ঘটেছে এই ঘটনা। মৃতের নাম পৃথ্বীরাজ হালদার (১৪)। বাড়ি সুভাষগ্রামে। মৃতের যমজ দাদাও এই স্কুলেই অষ্টম শ্রেণিতে অন্য সেকশনে পড়ে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন দ্বিতীয় ভাষার পরীক্ষা ছিল। সকাল সাড়ে ৮টায় স্কুলে ঢুকে ক্লাস রুমে গিয়ে বসে পৃথ্বীরাজ। ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৮টা ৪০ মিনিটে আচমকা বেঞ্চে অজ্ঞান হয়ে যায় সে। শিক্ষকরা নানা চেষ্টা করলেও লাভ হয়নি। এরপর পড়ুয়াকে অটোতে করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাকে। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের বাবা রাজকুমার হালদার। তিনি বলেন, স্কুলে কোনো সিক রুম নেই। প্রাথমিক চিকিৎসাও করা যায়নি। সঠিক সময়ে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়া যায়নি। ছেলের শারীরিক কোনো অসুবিধা ছিল না। এদিন ভালোভাবেই বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যায়। তারপর কী হল জানি না। যদিও বিকেল পর্যন্ত স্কুলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।