Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নক-আউটের সেরা ৩২’এ তিন নম্বরে থাকা আট দল পৌঁছবে, কিন্তু কোন নিয়মে তারা নক-আউট খেলবে? জানুন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নক-আউট পর্বের নিয়ম স্পষ্ট। সেরা ৩২ দলের মধ্যে কিভাবে হবে লড়াই? বিস্তারিত পড়ুন।

নক-আউটের সেরা ৩২’এ তিন নম্বরে থাকা আট দল পৌঁছবে, কিন্তু কোন নিয়মে তারা নক-আউট খেলবে? জানুন
  • ২৭ জুন, ২০২৬ ১৮:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব যত শেষের দিকে এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে রাউন্ড অব ৩২-এর সমীকরণ। ইতিমধ্যেই গ্রুপ এ থেকে গ্রুপ আই পর্যন্ত সব দলের তিনটি করে ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ফলে এই নয়টি গ্রুপের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারিত হয়েছে। গ্রুপ এ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা, গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড ও কানাডা, গ্রুপ সি থেকে ব্রাজিল ও মরক্কো, গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, গ্রুপ ই থেকে জার্মানি ও আইভরি কোস্ট , গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস ও জাপান, গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কেপ ভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে ইতিমধ্যেই শেষ ৩২-এ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। আগামী দিন ভারতীয় সময় ভোর ৫টা-এ পর্তুগাল-কলম্বিয়া, কঙ্গো-উজবেকিস্তান এবং সকাল ৭:৩০ এ আলজেরিয়া- অস্ট্রিয়া, জর্ডন-আর্জেন্তিনার ম্যাচ শেষের পরেই উঠে আসবে রাউন্ড অব ৩২ এর পুরো তালিকা। 

Advertisement

তবে এখন সবচেয়ে বড় আকর্ষণ গ্রুপ লিগে তৃতীয় স্থানে থাকা টিমের লড়াই। নতুন ৪৮ দলের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ১২টি গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ২৪টি দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দলও রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে। তাই প্রতিটি পয়েন্ট, প্রতিটি গোল এবং গোল ব্যবধান এখন হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রুপ এ-তে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, গ্রুপ বি-তে বসনিয়া, গ্রুপ সি-তে স্কটল্যান্ড, গ্রুপ ডি-তে প্যারাগুয়ে, গ্রুপ ই-তে ইকুয়েডর, গ্রুপ এফ- এ সুইডেন, গ্রুপ জি-তে ইরান, গ্রুপ এইচ-এ উরুগুয়ে এবং গ্রুপ আই-তে সেনেগাল। ইতিমধ্যেই চার পয়েন্ট নিয়ে বসনিয়া, ইকুয়েডর,সুইডেন, প্যারাগুয়ে কার্যত শেষ ৩২- এ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে থাকা দক্ষিণ কোরিয়া,স্কটল্যান্ড, ইরান,সেনেগালকে এখন অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলোর ফলাফলের দিকে। তাদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে গোল পার্থক্য। 


এরপর শুরু হওয়া নকআউট পর্বে ফুটবলপ্রেমীদের আকর্ষণ তুঙ্গে থাকবে টাইব্রেকারে। কারণ এই বছর টাইব্রেকারে ফিফার তরফে আনা হয়েছে কিছু নতুন নিয়ম। যা হল-কোন দল প্রথমে শট মারবে বা কোন দল কোন সাইড নেবে তা ঠিক করার জন্য এতদিন একবারই  টস হতো। এখন তা বদলে দুবার টসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম টসে নির্ধারিত হবে কোনদিকের গোলে শট নেওয়া হবে এবং কে প্রথম শট নেবে সেটা ঠিক করা হবে দ্বিতীয় টসে।  

পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দল বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে দেখা হবে পয়েন্ট। তা সমান হলে বিবেচনায় আসবে গোল পার্থক্য। এরপর মোট গোলসংখ্যা। তাতেও সমাধান না হলে দেখা হবে ফেয়ার প্লে রেকর্ড। যেখানে কম হলুদ ও লাল কার্ড পাওয়া দল এগিয়ে থাকবে। সবশেষেও সমতা থাকলে টুর্নামেন্ট শুরুর আগের সর্বশেষ ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এখনও বাকি রয়েছে গ্রুপ জে, কে এবং এল-এর খেলা। কী হবে হ্যারি কেন, লুকা মডরিচ, মাৎসেল জাবিৎসারদের ভাগ্য তা এখন দেখার বিষয়। বাকি থাকা এই গ্রুপগুলোর ম্যাচ শেষ হলেই পরিষ্কার হবে রাউন্ড অব ৩২ এর সম্পূর্ণ তালিকা। সব হিসাব নিকাশ শেষ করে আগামী ২৮ জুন থেকে শুরু হবে রাউন্ড অব ৩২। আর সেখান থেকেই শুরু হবে বিশ্বকাপের আসল লড়াই। যেখানে হার মানেই বিদায়, আর জয় মানেই শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখা।

Advertisement
সম্পর্কিত সংবাদ