Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার অভয়া কাণ্ডে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম, তোলাবাজি, ক্লাবের জমি দখলের অভিযোগ

শুক্রবার খড়দহ থানার সামনে বিক্ষোভের মুখে পড়লেন অভয়া কাণ্ডে ধৃত পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে।

এবার অভয়া কাণ্ডে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম, তোলাবাজি, ক্লাবের জমি দখলের অভিযোগ
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বারাকপুর: শুক্রবার খড়দহ থানার সামনে বিক্ষোভের মুখে পড়লেন অভয়া কাণ্ডে ধৃত পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। বিজেপি কর্মীরা তাঁকে দেখে ‘চোর’ ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম, কাদা ও ইট ছোড়ে। সোমনাথবাবুর মাথায় হেলমেট থাকায় বড়ো আঘাত লাগেনি। তবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এদিন অভিযুক্তকে বারাকপুর আদালতে তোলা হয়েছিল। অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার অভিযোগে বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

বুধবার গভীর রাতে বেঙ্গালুরুর জয়প্রকাশ নগর থেকে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে’কে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর ট্রানজিট রিমান্ডে শুক্রবার ভোরে তাঁকে খড়দহ থানায় নিয়ে আসা হয়। প্রাক্তন চেয়ারম্যানের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই এদিন সকাল থেকে বিজেপি কর্মীরা খড়দহ থানার সামনে জড়ো হয়ে ‘চোর’ ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। তাঁকে আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করতেই ঝাঁপিয়ে পড়েন বিজেপি কর্মীরা। তাঁকে লক্ষ্য করে ডিম, কাদা ও ইট ছোড়া হয়। প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পানিহাটি শ্মশানে অস্ত্র দেখিয়ে তড়িঘড়ি আর জি করের তরুণী চিকিৎসকের দেহ পুড়িয়ে ফেলতে বাধ্য করেছিলেন। যদিও সোমনাথ দে’র আইনজীবী অর্ক চৌধুরী আদালতে জামিনের আবেদন জানিয়ে বলেন, ২০২৪ সালের ৯ আগস্ট ঘটনাটি ঘটেছিল। সেখানে ২০০ পুলিশ, ৫০ জন মিডিয়া কর্মী ছিলেন। তাঁদের সামনে সোমনাথবাবু অস্ত্র দেখিয়ে অভয়ার বাবাকে হুমকি দিয়েছেন, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ঘটনার দু’বছর পরে কেন এই অভিযোগ আনা হল? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও সরকারি আইনজীবী যদুনাথ ঘোষ বলেন, অভয়ার বাবা তাঁর গোপন জবানবন্দিতে সোমনাথ দে’র বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ করেছিলেন। ফলে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সওয়াল জবাবের পর বিচারক প্রতিজ্ঞা প্রধান সোমনাথবাবুকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এই মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেপ্তার হলেও তাঁরা জামিন পেয়েছেন। অভয়া মামলা ছাড়াও খড়দহ থানার তোলাবাজির কেসে তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পশ্চিম পানশিলার প্রোমোটার কাঞ্চন চক্রবর্তীর অভিযোগ, গত বছর ২ সেপ্টেম্বর পুরপ্রধান হিসাবে সোমনাথ দে ১৭ নম্বর ওয়ার্ডে তাঁর একটি প্রজেক্টের কাজ আটকে দিয়েছিলেন। উলটে পাঁচ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। তিনি ২ লক্ষ  টাকা দিয়েছিলেন। বাকি টাকার জন্য হামলার পাশাপাশি বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগের ওই মামলায় তাঁকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠানো হয়েছে। শুধু খড়দহ নয়, ঘোলা থানাতেও নাটাগড়ে একটি ক্লাব দখলের অভিযোগ দায়ের হয়েছে প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ