Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাত্র ২ টাকায় মিলছে ডিম, কিনতে সকাল থেকে লাইন

জলপাইগুড়িতে মাত্র ২ টাকায় ডিম মিলছে, সকাল থেকে লম্বা লাইন। এক সপ্তাহে একদিনই পাওয়া যাচ্ছে। বিস্তারিত পড়ুন।

মাত্র ২ টাকায় মিলছে ডিম, কিনতে সকাল থেকে লাইন
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাত্র দু’টাকায় ডিম মিলছে জলপাইগুড়িতে! আশ্চর্য মনে হলেও সত্যি। ২ টাকা পিস ডিম কিনতে সকাল থেকে পড়ছে লম্বা লাইন। হুড়োহুড়ি ঠেকাতে লাইনে দাঁড়ানো লোকজনের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে কুপন। দু’টাকার পাশাপাশি রয়েছে ৪ টাকা ও ৬ টাকা পিসের ডিমও। 

Advertisement

বাজারে যেখানে বর্তমানে সাড়ে আট টাকা পিস ডিম বিক্রি হচ্ছে, সেখানে ২ টাকা কিংবা ৪ টাকায় ডিম কিনতে দূরদুরান্ত থেকে এসে ভিড় জমাচ্ছেন মানুষজন। কেউ হেঁটে, কেউ সাইকেল কিংবা বাইক নিয়ে চলে আসছেন ২ টাকার ডিম কিনতে। চাহিদা এতটাই যে, কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে স্টক। ফলে যাঁরা পাচ্ছেন না, তাঁদের অপেক্ষা করতে হচ্ছে আবার এক সপ্তাহ। কারণ, এটা শুধুমাত্র মিলছে সপ্তাহে একদিন, বৃহস্পতিবার। 
এই ডিম পাওয়া যাচ্ছে মোহিতনগরে রাজ্য সরকারের পোল্ট্রি ফার্মে। এখানকার দায়িত্বপ্রাপ্ত সহকারী অধিকর্তা প্রদীপকুমার সাহা বলেন, সরকারিভাবে আমাদের ফার্মে ডিমের দাম ৬ টাকা। তবে মুরগি যখন প্রথম ডিম পাড়তে শুরু করে, তখন ডিমের সাইজ একটু ছোটো হয়ে থাকে। এ ধরনের ডিম আমরা ৪ টাকা পিস বিক্রি করছি। এরই পাশাপাশি অনেক সময় মুরগির পায়ের চাপে কিংবা তাদের ঠোঁটের আঘাতে বা ফার্মে ডিম সংগ্রহের সময় খোসা সামান্য ভেঙে যায়। এমন ডিম আমরা ২ টাকা পিস বিক্রি করছি। বহু মানুষ এই ডিম কিনতে আসেন। তাঁদের কুপন দিয়ে দেওয়া হয়। 
রাজ্য সরকারের মোহিতনগর পোল্ট্রি ফার্মে রোড আইল্যান্ড রেড জাতের মুরগি প্রতিপালন করা হয়ে থাকে। আধিকারিকদের দাবি, এই প্রজাতির মুরগি ছেড়ে পালন করা যায়। রোগ কম। বছরে ১৭০-১৮০টির মতো ডিম দেয়। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ