Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের আগেই শহরের পূর্ব, দক্ষিণ-পূর্বে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের তোড়জোড়

আগামী বছর বিধানসভা নির্বাচন। ছাব্বিশের নির্বাচনের আগেই কলকাতার মধ্য, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও সংযুক্ত অঞ্চলে পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে চায় কলকাতা পুরসভা।

ভোটের আগেই শহরের পূর্ব, দক্ষিণ-পূর্বে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের তোড়জোড়
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর বিধানসভা নির্বাচন। ছাব্বিশের নির্বাচনের আগেই কলকাতার মধ্য, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও সংযুক্ত অঞ্চলে পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে চায় কলকাতা পুরসভা। নির্বাচনের আগে ধাপায় নয়া জলপ্রকল্প চালুর প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমানে সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে। এটি তারই সম্প্রসারিত প্রকল্প হতে চলেছে। পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগকে এই ডেডলাইন ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ধাপা জলপ্রকল্পের সম্প্রসারিত অংশের কাজ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এক বছরের মধ্যে কাজ শেষ করে জল সরবরাহ চালুর বিষয়টি নিশ্চিত করতে সেখানে নির্দেশ দেন আধিকারিকদের। প্রসঙ্গত ধাপায় প্রতিদিন ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদনের জন্য প্লান্ট তৈরির কাজ চলছে। 

Advertisement

বর্তমানে এই প্রকল্পে প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন জল উৎপাদিত হয়। তবে তা পর্যাপ্ত নয়। শহরের পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ ও সংযুক্ত এলাকার একাংশে এই প্রকল্প থেকে জল সরবরাহ হয়। তবে কলকাতার জনসংখ্যা বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। এই পরিস্থিতিতে প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। নতুন প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৩২ কোটি টাকা। এদিন মেয়রের সঙ্গে পুর কমিশনার ধবল জৈন, পুরসভার জলপ্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন। কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র। শ্রমিক কম থাকায় কাজের গতি ধীর বলে অভিযোগ ওঠে। মেয়র বলেন, কাজ ভালোই চলছে। তবে অনেকেই ঈদে বা চড়কের জন্য ছুটিতে গিয়েছেন। শ্রমিক নিয়ে কোনও সমস্যা হবে না। দ্রুত কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। 
এই জলপ্রকল্প চালু হলে মাঠপুকুর, ধাপা, কসবা, তপসিয়া, তিলজলা, গরফা, মুকুন্দপুর, নয়াবাঁধ, যাদবপুরের একাংশ সহ শহরের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। জানা গিয়েছে, প্রকল্পের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। প্রতিদিন ৭৪ জন শ্রমিক দিনরাত কাজ করছেন। প্রকল্পের মূল ভিত বা বেস তৈরি হয়ে গিয়েছে। জল সরবরাহ বিভাগের এক আধিকারিক বলেন, বড় অংশের কাজ শেষ হয়েছে। আশা রাখছি, এক বছরের মধ্যে রোজ বাড়তি ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন শুরু করে দেওয়া যাবে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত দক্ষিণ এবং পূর্ব কলকাতার বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সমস্যা মেটাতে ২৩টি প্রকল্প চালু করা হয়েছে। সবমিলিয়ে খরচ হয়েছে ১৭৮.২২ কোটি টাকা। কাজ চলছে আরও কয়েকটির। পাটুলি, আনন্দপুর, হাটগাছিয়া, বাঁশদ্রোণী, গার্ডেনরিচ, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম, চেতলা, যাদবপুরের কায়স্থপাড়া, গোলমাঠ, বাবুবাগান, সিরিটি, কাষ্ঠপাড়া, মনসাতলা ইত্যাদি মিলিয়ে তালিকা দীর্ঘ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ