Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি জেলা স্কুলে কাল আসছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় জেলাজুড়ে নিন্দা

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে শারীরিক নিগ্রহের ঘটনা নিয়ে জেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে

জলপাইগুড়ি জেলা স্কুলে কাল আসছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় জেলাজুড়ে নিন্দা
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে শারীরিক নিগ্রহের ঘটনা নিয়ে জেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। হেড মাস্টারকে পড়ুয়াদের ধাক্কা দেওয়ার ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাকে দুর্ভগ্যজনক আখ্যা দিয়েছে শিক্ষাদপ্তর। এমন অবস্থায় কাল, শুক্রবার স্কুলে আসছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শারীরিক অসুস্থতার কারণে প্রধান শিক্ষককে ১৫ দিনের জন্য ছুটিতে থাকতে হয়েছে। এদিকে, জেলা বিদ্যালয়ের পরিদর্শককে (মাধ্যমিক) ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন জেলাশাসক। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সদস্যরা বুধবার ডিএমের সঙ্গে দেখা করে অভিযুক্তদের কাউন্সেলিংয়ের দাবি জানিয়েছেন। এজন্য সামাজিক অবক্ষয়কেই দায়ী করেছে বিভিন্ন মহল। ডিএমের নির্দেশ পেয়ে এদিনই স্কুলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে জেলা শিক্ষাদপ্তর। 

Advertisement

জলপাইগুড়ির ডিএম অদিতি চৌধুরী বলেন, ওই ঘটনা অনভিপ্রেত। আমি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য যুগ্ম সম্পাদক কাকলি মণ্ডল বলেন, যেসব ছাত্ররা এই ঘৃণ্য ঘটনাটি ঘটিয়েছে তাদের কাউন্সেলিং করা প্রয়োজন। কেনইবা তারা এমনটা করল তা নিয়ে আলোচনা করার দরকার আছে।  
দেড়শো বছরের পুরনো এই স্কুলে বহু কৃতী ছাত্র বর্তমানে দেশে এবং দেশের বাইরে নিজ নিজ পেশায় সম্মানের সঙ্গে কাজ করছেন। ঘটনার নিন্দা করে প্রতিক্রয়া দিয়েছেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন— শিক্ষকের সম্মান ভুলুণ্ঠিত হলে আমাদের মর্ম কেঁপে ওঠে। আমাদের ঘরের সন্তান এত দুর্বিনীত হয়ে বেড়ে উঠল শিক্ষাঙ্গণে কাদের বেপরোয়া মূল্যবোধ-বিনাশী সর্বনাশা রাজনীতির উদাহরণ দেখতে দেখতে? এদিকে, সোশ্যাল মিডিয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার ভিডিয়ো ছড়িয়ে পড়ায় সকলেই তাতে কমেন্ট করে আক্রমণকারী পড়ুয়াদের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন। 
স্কুল শিক্ষাদপ্তর এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং যথাযথ তদন্তের পর প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিনই প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে ১৫ দিনের ছুটিতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। উসকানিমূলক বা তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়ার পরিবর্তে জেলা বিদ্যালয় পরিদর্শককে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী কাল সকাল ১১টা নাগাদ স্কুলে আসবেন এবং স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ