Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

বেড়েছে ভোজ্যতেলের দাম: কেন্দ্র

পশ্চিম এশিয়ায় সংকটের ধাক্কায় শুধু জ্বালানি নয়, আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে ভোজ্যতেলের দামও বেড়েছে।

বেড়েছে ভোজ্যতেলের দাম: কেন্দ্র
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি (পিটিআই): পশ্চিম এশিয়ায় সংকটের ধাক্কায় শুধু জ্বালানি নয়, আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে ভোজ্যতেলের দামও বেড়েছে। ছ’মাস আগের তুলনায় ঊর্ধ্বমুখী হয়েছে সরষে, সয়াবিন, পাম ও সূর্যমুখীর মতো ভোজ্যতেল। বুধবার সংসদে একথা জানাল কেন্দ্র। তবে দাম বাড়লেও সরকারের দাবি, দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে। বড়ো সরবরাহকারী দেশগুলি থেকে স্বাভাবিক বাণিজ্য রুটে আমদানিও বজায় রয়েছে।

Advertisement

কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্ভানিয়া এদিন লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, দেশে প্রয়োজনীয় ভোজ্যতেলের একটা অংশ আমদানি করতে হয় ভারতকে। ফলে দেশে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারের প্রবণতার উপর নির্ভর করে। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে অশোধিত জ্বালানি তেল, পরিবহণ ও মেরিন বিমার খরচ বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামও বেড়েছে। অশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় জৈব জ্বালানি উৎপাদনে ব্যবহার করা হচ্ছে সয়াবিন ও পাম তেল। এর ফলেও ঘরোয়া ও আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে।
কতটা বেড়েছে দাম? কেন্দ্র সংসদে জানিয়েছে, ছ’মাস আগে বাদামতেলের খুচরো দাম ছিল প্রতি কেজি ১৯০ টাকা। ২২ জুলাই তা বেড়ে হয়েছে ২০৬ টাকা। সরষের তেল ১৮৬ টাকা থেকে ১৯৬ টাকা, সয়াবিন তেল ১৫১ টাকা থেকে ১৬৪ টাকা, সূর্যমুখী ১৬৯ টাকা থেকে ১৮৯ টাকা, পাম তেল ১৩৩ টাকা থেকে বেড়ে ১৪৮ টাকা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ