Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইডির তল্লাশিতে উদ্ধার ১ কোটি ২০ লক্ষ, সোনা পাপ্পুর বাড়িতে আগ্নেয়াস্ত্র

ভোটের আগে কলকাতায় ইডি তল্লাশিতে উদ্ধার হল কোটি টাকা ও আগ্নেয়াস্ত্র। জোর করে জমি দখল ও নির্মাণ ব্যবসায় কালো টাকা বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্তে বুধবার শহরের একাধিক ঠিকানায় অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডির তল্লাশিতে উদ্ধার ১ কোটি ২০ লক্ষ, সোনা পাপ্পুর বাড়িতে আগ্নেয়াস্ত্র
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে কলকাতায় ইডি তল্লাশিতে উদ্ধার হল কোটি টাকা ও আগ্নেয়াস্ত্র। জোর করে জমি দখল ও নির্মাণ ব্যবসায় কালো টাকা বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্তে বুধবার শহরের একাধিক ঠিকানায় অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়ি, গড়িয়াহাট এলাকার এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর  বাড়ি, অফিস সহ মোট ছ’টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা। তিনি রাজ্যের শাসক দল ও কলকাতা পুলিশের একাধিক অফিসারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। দক্ষিণ কলকাতার ‘ত্রাস’ সোনা পাপ্পুর বাড়ি থেকে মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্র। আটক করা হয়েছে পাপ্পুর ডান হাত রাহুল দাসকে। ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর সঙ্গে সোনা পাপ্পুর ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের নথি মিলেছে বলে খবর। 

Advertisement

ইডি সূত্রে জানা গিয়েছে, জোর করে জমি দখল ও কালো টাকা নির্মাণ ব্যবসায় খাটানোর অভিযোগের তদন্তে এর আগে তল্লাশি চালানো হয় কয়েকজন ব্যবসায়ীর বাড়ি ও অফিসে। সেখান থেকে বাজেয়াপ্ত নথি ঘেঁটে দেখা যায়, কসবা, তিলজলা, গড়িয়াহাট, লেক, উল্টোডাঙা, হরিদেবপুর সহ নানা জায়গায় বহুতল তৈরি হয়েছে। সোনা পাপ্পু ও তার দলবল বন্দুকের নল ঠেকিয়ে সেসব জমির দখল নিয়েছে। তারপর সেই জমিতে বহুতল নির্মাণ করেছে গড়িয়াহাট এলাকার অশ্বিনী দত্ত রোডের একটি রিয়েল এস্টেট কোম্পানি। ওই সংস্থায় বিপুল পরিমাণ কালো টাকা ঢুকেছে। পরবর্তী তদন্তে সেই রিয়েল এস্টেট কোম্পানির মালিকের সঙ্গে সোনা পাপ্পুর লেনদেনের প্রমাণ পান ইডি আধিকারিকরা। এরপর মঙ্গলবার ইডির টিম অশ্বিনী দত্ত রোডে ওই রিয়েল এস্টেট সংস্থার অফিস, কোম্পানির ডিরেক্টরের বেহালার বাড়ি, সোনা পাপ্পুর কসবার বাড়ি, তার শাগরেদ রাহুলের কাঁকুলয়ার বাড়ি সহ বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। সকাল থেকে শুরু হয়ে যায় তল্লাশি। রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। এই টাকা কোথা থেকে এল, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা ব্যবসায়ী দিতে পারেননি বলেই নগদ বাজেয়াপ্ত করে ইডি। একই সময়ে আর একটি টিম সোনা পাপ্পুর বাড়ি থেকে নাইন এমএম পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। সবগুলির না থাকলেও কয়েকটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আপাতত সোনা পাপ্পুর খোঁজে চলছে তল্লাশি চালাচ্ছেইিডি। রিয়েল এস্টেট ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে বলে খবর। কলকাতা সহ গোটা রাজ্যে ভোটের প্রচার যখন তুঙ্গে, তখন ইডির এই তৎপরতা নিয়ে স্বাভাবিকভাবেই নানা জল্পনা তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

সম্পর্কিত সংবাদ