নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: তৃণমূলের রাজ্যসভার এমপি নাদিমুল হকের বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় সোমবার তল্লাশি চালাল ইডি। আর্থিক লেনদেন মামলায় এই হানাদারি। বাজেয়াপ্ত করা হয়েছে কিছু নথি। কলকাতায় দারগা রোডের একটি ঠিকানায় সকালেই হানা দেন তদন্তকারীরা। এর কিছুক্ষণের মধ্যেই অন্য দু’টি টিম আরও দু’টি বাড়িতে তল্লাশিতে পৌঁছে যায়। যদিও নাদিমুল কলকাতায় ছিলেন না। দিল্লির সাউথ অ্যাভেনিউয়েও সাংসদের বাড়িতে তল্লাশি চলে। বাড়িটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেখানে রাত পর্যন্ত ছিলেন ইডি আধিকারিকরা। সূত্রে খবর, একটি ফোন, ট্যাব সহ কিছু হার্ড ডিস্ক সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। রাঁচিতেও তাঁর আত্মীয় সহ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। রাঁচিতে সংসদীয় কমিটির বৈঠকে গিয়েছেন নাদিমুল। তিনি বলেন, ‘এটি বিজেপির প্রতিহিংসার রাজনীতি।’ রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতেই তৃণমূল পার্টি অফিসে তল্লাশি করেছে বিজেপি।’



