Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

স্বঘোষিত গডম্যানের ঠিকানায় ইডি হানা

‘দিব্যশক্তি’র দোহাই দিয়ে ধর্ষণ থেকে শুরু করে তোলাবাজি। একাধিক অভিযোগে বিদ্ধ মহারাষ্ট্রের স্বঘোষিত গডম্যান অশোক খারাত। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে নাসিক পুলিশ।

স্বঘোষিত গডম্যানের ঠিকানায় ইডি হানা
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ‘দিব্যশক্তি’র দোহাই দিয়ে ধর্ষণ থেকে শুরু করে তোলাবাজি। একাধিক অভিযোগে বিদ্ধ মহারাষ্ট্রের স্বঘোষিত গডম্যান অশোক খারাত। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে নাসিক পুলিশ। এরইমধ্যে সোমবার আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় ধৃত জ্যোতিষীর একাধিক ঠিকানায় হানা দিল ইডি। জানা গিয়েছে, নাসিক, পুনে ও শিরডিতে অভিযান চালানো হয়। ধৃতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ঠিকানাতেও তল্লাশি চলে। ইডির অভিযোগ, বেনামে নাসিকের দু’টি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিতে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অশোকের। সব ক্ষেত্রেই নমিনি হিসাবে তার নাম রয়েছে। এমনকি প্রত্যেকটি অ্যাকাউন্টের সঙ্গে ধৃত জ্যোতিষীর মোবাইল নম্বর লিংক করা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আশীর্বাদের নামে সাধারণ জিনিস বিক্রি করত অশোক। অনেক সময় চাপ দিয়ে টাকায় আদায় করত সে। তারপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে সেই টাকা জমি কিনতে লগ্নি করা হতো। 

Advertisement

স্বঘোষিত গডম্যানের অপকর্মের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়। সম্প্রতি অশোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক বিবাহিত মহিলা। তার ভিত্তিতেই গত মাসে ওই জ্যোতিষীকে গ্রেপ্তার করে নাসিক পুলিশ। কমপক্ষে ১২টি এফআইআর হয়। সম্প্রতি অর্থ তছরুপের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে ইডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ