Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রী ও দুই ছেলেকে তলব করল ইডি

জোর করে জমি দখলের মামলায় এবার তলব করা হল কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রী ও দুই ছেলেকে।

এবার শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রী ও দুই ছেলেকে তলব করল ইডি
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর করে জমি দখলের মামলায়  এবার তলব করা হল কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রী ও দুই ছেলেকে। চলতি সপ্তাহেই তাঁদের ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। একইসঙ্গে  শান্তনুবাবুর ঘনিষ্ঠ তিন পুলিশ ইনস্পেক্টরকে ডাকা হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

জোর করে জমি দখলের মামলায় ইতিমধ্যেই রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। আগামী মাসেই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ার কথা রয়েছে। তার আগে তদন্ত গুটিয়ে নিতে চাইছেন আধিকারিকরা। জয় কামদারের কাছ থেকে উদ্ধার হওয়া নথি ঘেঁটে তদন্তকারীরা জেনেছেন, শান্তনুবাবুর ছেলের সঙ্গে অংশীদারিত্বে ব্যবসা ছিল ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর। ইডির দাবি, ডিসি পদমর্যাদার ওই অফিসারের স্ত্রীও ব্যবসা রয়েছে। যেগুলি নিয়ন্ত্রণ করতেন শান্তনুবাবু। সেই প্রসঙ্গে জানতেই তাঁদের তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরা ইডির জিজ্ঞাসাবাদে কী জানাচ্ছেন, তার ভিত্তিতে জেলে গিয়ে অভিযুক্ত পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। ইডি দাবি করেছে, ওসি পোস্টিং সহ বিভিন্ন অনৈতিক কাজকর্ম করে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে রোজগার করেছেন শান্তনুবাবু। সেগুলি বিনিয়োগ হয়েছে বিভিন্ন ব্যবসায়। পাশাপাশি ডাক পড়েছে ওই অফিসারের ঘনিষ্ঠ তিন ইনস্পেক্টরের। অভিযোগ, শান্তনুবাবুর সঙ্গে মিলে তাঁরা ওসি বদলির একটি সিন্ডিকেট চালাতেন। কাকে কোন থানায় দেওয়া হবে, সেক্ষেত্রে তাঁরাই ছিলেন শেষ কথা। একইসঙ্গে বিভিন্ন জমি দখলে সংশ্লিষ্ট ইনস্পেক্টররা শান্তনুবাবুর নির্দেশমতো জয় কামদারের হয়ে কাজ করেছেন বলে অভিযোগ। সেই বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। একইসঙ্গে দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর স্ত্রীকে ডাকা হয়েছে। তাঁর নামে একাধিক সম্পত্তি রয়েছে বলে ইডি জেনেছে। এমনকি জয় কামদারের কাছে কেনা আগ্নেয়াস্ত্রটি ছিল তাঁর নামেই। এই সংক্রান্ত বিষয়ই তাঁর কাছে জানতে চাইবেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ