Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

২৯০ কোটির ব্যাংক প্রতারণা মামলায় হাওড়া ও কলকাতায় তল্লাশি ইডির

২৯০ কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলায় কলকাতার ১১টি জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)

২৯০ কোটির ব্যাংক প্রতারণা মামলায় হাওড়া  ও কলকাতায় তল্লাশি ইডির
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৯০ কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলায় কলকাতার ১১টি জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকেই ওই বেসরকারি সংস্থার অফিস, ডিরেক্টরদের বাড়ি সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়। হাওড়ার বেলুড়ে একটি আবাসনে তল্লাশি চালান এজেন্সির অফিসাররা। এই তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে লেনদেন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি বেসরকারি কোম্পানি কয়েক বছর আগে ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু টাকা ওই প্রকল্প নির্মাণে ব্যয় না করে তা ঢোকানো হয়েছিল সংস্থার ডিরেক্টরদের ব্যক্তিগত অ্যাকাউন্টে। সেই টাকায় কেনা হয় সম্পত্তি। টাকা শোধ না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাদের একাধিকবার নোটিস পাঠায়। এরপর ওই সংস্থা ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়। সেখানে ওই কোম্পানির কাছ থেকে সাত কোটি টাকা উদ্ধার হয়। বাকি টাকা পাওয়া যায়নি। ব্যাংকের তরফে ইডিকে চিঠি লিখে তদন্তভার হাতে নেওয়ার আরজি জানানো হয়। সেইমতো কেন্দ্রীয় এজেন্সি কেস রুজু করে তদন্তে নামে। ওই তদন্তে উঠে আসে, ওই বেসরকারি কোম্পানির একাধিক অফিস ও ডিরেক্টরদের বাড়ি রয়েছে কলকাতার শেকসপিয়র সরণি সহ বিভিন্ন অভিজাত এলাকায়। এদিন এই কোম্পানির অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। ব্যাংক ঋণের টাকায় কলকাতায় কোন কোন সম্পত্তি কেনা হয়েছে, উদ্ধার হওয়া নথি ঘেঁটে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একইসঙ্গে ঝাড়খণ্ডের একাধিক জায়গাতেও তল্লাশি চলেছে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ