Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রমিকদের মাইনে কেটে নেওয়ায় চাঞ্চল্য, ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ

উৎসবের মরশুমেই শ্রমিকদের বিপুল পরিমাণ মা‌ইনে কেটে নেওয়ায় কালিপাহাড়ী কোলিয়ারিতে শোরগোল পড়ল। সামনেই দোল, হোলি উৎসব। রমজান মাস শেষ হলেই ঈদের উৎসব।

শ্রমিকদের মাইনে কেটে নেওয়ায় চাঞ্চল্য, ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: উৎসবের মরশুমেই শ্রমিকদের বিপুল পরিমাণ মা‌ইনে কেটে নেওয়ায় কালিপাহাড়ী কোলিয়ারিতে শোরগোল পড়ল। সামনেই দোল, হোলি উৎসব। রমজান মাস শেষ হলেই ঈদের উৎসব। এই মাসে বেতন অনেকটা কম পাওয়ায় কেন্দ্রীয় সংস্থা ইসিএলের প্রতি তীব্র ক্ষোভ শ্রমিকদের। অভিযোগ, গত বছর বাড়তি হাউসরেন্ট দেওয়া হয়েছে বলে এক বছরের বাড়তি টাকা এক মাসের বেতন থেকে কেটে নেওয়া হয়েছে। যার জেরে শ্রমিকরা মোট বেতনের প্রায় অর্ধেক টাকা হাতে পেয়েছেন। 

Advertisement

কোলিয়ারির শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা নন স্ট্যান্ডার্ড কোয়ার্টারে থাকেন কর্তৃপক্ষ তাঁদের হাউসরেন্ট কাটত না। মূল বেতনের ১৬ শতাংশ হারে তাঁরা হাউসরেন্ট পেতেন। নন স্ট্যান্ডার্ড অর্থাৎ যেসব কোয়ার্টারে কোনও ঢালাই ছাদ নেই। এক কামরার সেই কোয়ার্টারকে খনি অঞ্চলে কোলিয়ারি ধাওড়া বলা হয়। অভিযোগ, হঠাৎই কালিপাহাড়ী কোলিয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের কোয়ার্টারে থাকলে আট শতাংশ হারে হাউসরেস্ট মিলবে। শুধু তা‌ই নয়, এক বছর ধরে যে বাড়তি আট শতাংশ হাউসরেন্ট দেওয়া হয়েছে তা কেটে নেওয়া হবে বলে জানানো হয়। যা নিয়ে খনি শ্রমিকরা আতঙ্কে ছিলেন। মার্চ মাসের বেতন ও পে স্লিপ পেয়ে সেই আতঙ্কই সত্যি হল। অভিযোগ, অত্যন্ত অমানবিকভাবে গত এক বছরের ৮ শতাংশ হারে যত টাকা বাড়তি হাউসরেন্ট দেওয়া হয়েছিল এমাসের বেতন থেকে তা কেটে নেওয়া হয়েছে। যারফলে এক এক জন শ্রমিক ৩০,৪০হাজার টাকা কম বেতন পেয়েছেন। অবাঙালি এলাকায় হোলি বড় উৎসব। কোলিয়ারি এলাকায় বড় করে হোলি উদযাপন হয়। তার আগেই টাকা কেটে নিয়ে শ্রমিকদের ধাক্কা দিল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুধুমাত্র কালিপাহাড়ী কোলিয়ারির শ্রমিকরাই এই কোপে পড়েছেন। খনি অঞ্চলের হাজার হাজার শ্রমিকও এই খাঁড়া নামতে পারে বলে আশঙ্কা করছেন। শ্রমিক নেতা বাদল মিশ্র বলেন, কোলিয়ারির কোনও নিয়মে উল্লেখ নেই ধাওড়ায় থাকলেও আট শতাংশ হাউসরেন্ট কাটা হবে। কর্তৃপক্ষ অন্যায়ভাবে এটি চাপিয়ে দিচ্ছে। আমরা আন্দোলন শুরু করেছি। 
কোলিয়ারির অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ম্যানেজার সেলিম আহমেদ বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। শ্রমিকদের সমস্যা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ