ভোপাল, ২৩ আগস্ট: রাতের খাবারের তালিকায় ছিল রুটি আর বেগুন ভর্তা। আর সেই খাবার খেয়েই বিপত্তি। প্রাণ গেল তিন শিশুর। মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় একই পরিবারের তিন নাবালিকা বোনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছে মাত্র ৯ মাসের এক শিশুকন্যাও। রহস্যজনক এই মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ইসানগর থানার অন্তর্গত পিপোরা খুর্দো গ্রামে। মৃত তিন বোনের নাম পুনম (৭), মনীষা (৩) এবং চাহত (৯ মাস)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার রাতে তিন বোন বেগুন ভর্তা ও রুটি খেয়েছিল। এরপরই তাঁরা একে একে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি খারাপ বুঝেই তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে তিন শিশু কণ্যা। ওই খাবার খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে কী না তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। ঘটনাটি সামনে আসে যখন প্রশাসন জানতে পারে, পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়েই তিন শিশুর দেহ কবর দিয়ে দিয়েছেন। এরপর পুলিশ, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে একটি দল ঘটনাস্থলে পৌঁছে কবরস্থল পরিদর্শন করে। সঠিক তদন্তের জন্য কবর থেকে ফের তোলা হয় তিন বোনের নিথর দেহ।
ছত্তরপুরের মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক আরপি গুপ্ত জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি গোটা মেডিক্যাল টিম নিয়ে ঘটনাস্থলে যান। তাঁর কথায়, পুলিশ, ও ফরেনসিক দলকেও ডেকে পাঠানো হয়। এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কবর থেকে দেহ তুলে ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি ফরেনসিক পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই তিন শিশুর মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। বর্তমানে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শিশুরা অসুস্থ হওয়ার আগে ও পরে কী কী ঘটেছিল, সেই ঘটনাক্রম খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।