


সংবাদদাতা, মালদহ: স্ক্র্যাপ বিক্রি করে একদিনে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করল পূর্ব রেলের মালদহ ডিভিশন। একদিনে ৬ কোটি ৬৫ লক্ষ টাকার স্ক্র্যাপ বিক্রি করেছে তারা।
পূর্ব রেল সূত্রে খবর, ২০২৫-২৬ অর্থ বর্ষে এই খাতে মালদহ ডিভিশনকে ২৩ কোটি টাকার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল রেল। সেই সময়সীমা শেষ হতে এখনো দু'সপ্তাহের বেশি বাকি। তার আগেই নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে প্রায় আড়াই কোটি টাকা বেশি উপার্জন করল মালদহ ডিভিশন। সূত্রে খবর, চলতি আর্থিক বছরে স্ক্র্যাপ নিলাম করে এখনও তারা আয় করেছে মোট ২৫ কোটি ৩৭ লক্ষ টাকা।
ভারতীয় রেলের আর্থিক স্বাস্থ্য মোটেই ভালো নয়। বর্তমানে ১০০ টাকা আয় করতে খরচ হচ্ছে ৯৮ টাকা ২২ পয়সা। ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ, এই দু’বছরের ব্যবধানে ১০০ টাকা আয় করতে রেলের খরচ বেড়ে গিয়েছে প্রায় ১০ পয়সা। এই পরিস্থিতিতে আয়ের সম্ভাব্য সমস্ত বিকল্পের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। গত কয়েক বছরে তাতে সাফল্যও মিলেছে।