Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে আজ ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া, রক্ষণের দুর্বলতা ঢাকতে জোর অ্যাটাকিং ফুটবলে

স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেল থেকে ভেসে আসছে একের পর এক হোলির গান। ফেস্টিভ মুডে গোটা শহর। অন্য সময় হলে সেই গানের তালে হয়তো একটু কোমর দুলিয়ে নিতেন মিগুয়েল-ইউসেফরা। তবে গোয়া ম্যাচের ২৪ ঘণ্টা আগে ইস্ট বেঙ্গল শিবিরের আবহ বেশ থমথমে।

ঘরের মাঠে আজ ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া, রক্ষণের দুর্বলতা ঢাকতে জোর অ্যাটাকিং ফুটবলে
  • ৫ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেল থেকে ভেসে আসছে একের পর এক হোলির গান। ফেস্টিভ মুডে গোটা শহর। অন্য সময় হলে সেই গানের তালে হয়তো একটু কোমর দুলিয়ে নিতেন মিগুয়েল-ইউসেফরা। তবে গোয়া ম্যাচের ২৪ ঘণ্টা আগে ইস্ট বেঙ্গল শিবিরের আবহ বেশ থমথমে। গত ম্যাচে ঘরের মাঠে জামশেদপুরের কাছে হেরে শীর্ষস্থান খুইয়েছে লাল-হলুদ ব্রিগেড। মাত্র ১৩ ম্যাচের লিগে আর একবার পদস্ফলন মানেই খেতাব জয়ের দৌড়ে নির্ঘাত পিছিয়ে পড়া। তাই প্রতিকূলতা কাটিয়ে গোয়ার বিরুদ্ধে জয়ে ফিরতে বদ্ধপরিকর অস্কার-ব্রিগেড। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার যুবভারতীতে নামবেন মিগুয়েল-রশিদরা।

Advertisement

আইএসএলের ইতিহাসে এই প্রথম টানা দু’ম্যাচে জিতে অভিযান শুরু করেছিল ইস্ট বেঙ্গল। কিন্তু তৃতীয় ম্যাচেই ফুটে ওঠে রক্ষণের ভঙ্গুর দশা। আর সেই দুর্বলতা ঢাকতে আক্রমণাত্মক ফুটবলকেই হাতিয়ার করছেন কোচ অস্কার। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত তিনটি গোল হজম করেছি আমরা। জামশেদপুর ম্যাচে রেফারির ভুলে ভুগতে হয়েছে। তবে সেটাকে অজুহাত করে নিজেদের দুর্বলতা লুকবো না। বরং আমি চাই, দল আরও বেশি আক্রমণাত্মক ফুটবল মেলে ধরুক। কত গোল খেলাম, তা ঢাকা পড়ে যাবে তার চেয়ে বেশি বার প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারলে।’
মাস দুয়েক আগে গোয়ার কাছে হেরেই সুপার কাপ হাতছাড়া করেছিল ইস্ট বেঙ্গল। তবে আইএসএলে গোয়া দলে অনেক পরিবর্তন এসেছে। মাত্র দু’জন বিদেশি নিয়ে কলকাতায় পা রেখেছেন কোচ মানোলো মার্কুয়েজ। তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ইস্ট বেঙ্গল। বিশেষত মাঝমাঠে ডেজান ড্রেজিচকে বেশ সমীহ করছেন অস্কার। তাঁর সংযোজন, ‘সেলতা ভিগোর সময় থেকেই ড্রেজিচকে চিনি। এছাড়াও গোয়া দলে একাধিক ভালোমানের ভারতীয় ফুটবলার রয়েছে। ওরা মাঝমাঠ দখলে রেখে খেলতে পছন্দ করে। তাই সতর্ক থাকতে হবে। গত ম্যাচে একাধিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আশা করছি, গোয়ার বিরুদ্ধে সেগুলোকে কাটিয়ে উঠতে পারব।’ চোট সারিয়ে বৃহস্পতিবার দলে ফিরছেন মহেশ। সাউলও এদিন পুরোদমে অনুশীলন করলেন। পাশাপাশি বদল আসছে রক্ষণেও।
পবিত্র রমজান মাসে বিকেল পাঁচটায় একের পর এক ম্যাচ খেলা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন অস্কার। সূচি পরিবর্তনের জন্য ইতিমধ্যে ফেডারেশনকে চিঠিও দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মহম্মদ রশিদ অবশ্য তা নিয়ে ভাবতে নারাজ। তাঁর কথায়, ‘আট বছর বয়স থেকে এভাবেই খেলে আসছি। ব্যাপারটা অবশ্যই কঠিন। তবে পেশাদার ফুটবলে অজুহাতের কোনও জায়গা নেই। দলকে জেতাতে আমাদের মাঠে নেমে সেরাটা উজাড় করে দিতে হবে।’
 ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। সরাসরি
সম্প্রচার সোনি স্পোর্টস ও ফ্যান কোডে।

Advertisement
সম্পর্কিত সংবাদ