Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নর্থ ইস্টের বিরুদ্ধে চোটই চিন্তা ইস্ট বেঙ্গলের, অনিশ্চিত সাউল ক্রেসপো, হার মহমেডানের

সকালের ঝকঝকে রোদেও অস্কার ব্রুজোঁর মুখে আষাঢ়ের মেঘ। স্প্যানিশ কোচের দুশ্চিন্তা স্বাভাবিক। সোমবার আইএসএলে অভিযান শুরু করছে তাঁর দল।

নর্থ ইস্টের বিরুদ্ধে চোটই চিন্তা ইস্ট বেঙ্গলের, অনিশ্চিত সাউল ক্রেসপো, হার মহমেডানের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: সকালের ঝকঝকে রোদেও অস্কার ব্রুজোঁর মুখে আষাঢ়ের মেঘ। স্প্যানিশ কোচের দুশ্চিন্তা স্বাভাবিক। সোমবার আইএসএলে অভিযান শুরু করছে তাঁর দল। অথচ নর্থ ইস্টের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচের আগে ইস্ট বেঙ্গল কার্যত মিনি হসপিটাল। চোটের কারণে নেই কেভিন সিবলে, নাওরেম মহেশ ও মহম্মদ রাকিপ। তার উপর রবিবার অনুশীলনেই এলেন না সাউল ক্রেসপো। পেটের সংক্রমণে কাবু তিনি। স্প্যানিশ মিডিও এমনিতেই চোটপ্রবণ। প্রতি মরশুমে কয়েকটা ম্যাচ বাইরে থাকাই নিয়ম! কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে তিনি কি মাঠে নামতে পারবেন? অস্কারের জবাব, ‘আশা করি সাউল ফিট হয়ে উঠবে।’ 

Advertisement

আইএসএলের ইতিহাসে কখনও সুপার সিক্সে পৌঁছায়নি ইস্ট বেঙ্গল। কিন্তু চলতি মরশুমে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। মিগুয়েল, রশিদদের ঘিরে আশার জাল বুনছেন তাঁরা। সুপার কাপ ও আইএফএ শিল্ড ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি অস্কারের ইস্ট বেঙ্গল। আইএসএলে কি ভাগ্য শিকে ছিঁড়বে? সাংবাদিক সম্মেলনে কোচের পাশে বসে রশিদের মন্তব্য, ‘সমর্থকদের জন্যই চ্যাম্পিয়ন হতে চাই।’ কিন্তু যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন। আত্মবিশ্বাস বাড়াতে যে কোনও মূল্যে ৩ পয়েন্ট প্রয়োজন। আর তা মাথায় রেখেই আক্রমণাত্মক ফর্মেশনে দল সাজাচ্ছেন লাল-হলুদ সারথি। অস্কারের হাতে কোনও বিদেশি ডিফেন্ডার নেই। সেক্ষেত্রে ব্যাক ফোরে আনোয়ার ও জিকসনের সঙ্গী হতে পারেন লালচুংনুঙ্গা ও জয় গুপ্তা। মাঝমাঠে মিগুয়েল, রশিদ নিশ্চিত। সাউল একান্তই না পারলে শৌভিককে খেলানোর ভাবনা রয়েছে। দুই উইং হাফে বিপিন সিং ও নন্দকুমারকে ব্যবহার করতে চায় ইস্ট বেঙ্গল থিঙ্কট্যাঙ্ক। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুরন্ত গোল করেছিলেন নন্দ। অনুশীলনেও অনেক চনমনে তিনি। সিঙ্গল স্ট্রাইকারের ভূমিকায় ইউসেফ এজেজ্জারির অভিষেক সময়ের অপেক্ষা। ইউসেফের পারফরম্যান্সের উপর অনেককিছু নির্ভরশীল। পরিবর্ত হিসাবে বিষ্ণু, এডমুন্ডরা তো রয়েইছেন। অস্কারের মন্তব্য, ‘চোট খেলার অঙ্গ। তবে অজুহাতের জায়গা নেই। সেরা দল নামাতে চেষ্টা করব।’ এদিকে ফেব্রুয়ারির শেষে কলকাতায় ফিরছেন কেভিন সিবলে। তারপর আর্জেন্তাইন স্টপারের রিহ্যাব শুরু হবে।
পেড্রো বেনালির নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন। তবে ভারতীয় ফুটবলে অনিশ্চয়তার আঁচে তাদেরও হাত পুড়েছে। মরক্কান স্ট্রাইকার আলেদাইন আজারেই লোনে বিদেশে পাড়ি দিয়েছেন। ব্লকার বেনাম্মারও শিবির বদলে চেন্নাইয়ানে। নতুন দুই বিদেশি ও অভিজ্ঞ ডিফেন্ডার জাবাকো দলের ভরসা। পার্থিব, জিতিনের দৌড়েও ইস্ট বেঙ্গলকে কাঁপাতে চায় নর্থ ইস্ট। এদিকে, প্রথম ম্যাচেই ধাক্কা খেল মহমেডান স্পোর্টিং। জামশেদপুর এফসি’র কাছে ০-১ গোলে হার মেহরাজ ব্রিগেডের। একমাত্র লক্ষ্যভেদ ইস্ট বেঙ্গলের প্রাক্তনী মাধি তালালের। 
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ফ্যান কোড অ্যাপ ও সোনি স্পোর্টসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ