Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ডার্বির আগে স্বস্তির জয় ইস্ট বেঙ্গলের, আকাশ হেমব্রমের হ্যাটট্রিক

আগামী সোমবার বারাসত স্টেডিয়ামে ঘরোয়া লিগের ডার্বি। তার আগে তিন পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের সিলিন্ডার ভরতি করে নিল ইস্ট বেঙ্গল।

ডার্বির আগে স্বস্তির জয় ইস্ট বেঙ্গলের, আকাশ হেমব্রমের হ্যাটট্রিক
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইউনাইটেড কলকাতা- ০                   :                                    ইস্ট বেঙ্গল-৩

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার বারাসত স্টেডিয়ামে ঘরোয়া লিগের ডার্বি। তার আগে তিন পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের সিলিন্ডার ভরতি করে নিল ইস্ট বেঙ্গল। বুধবার নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। হ্যাটট্রিকের সৌজন্যে ম্যাচের নায়ক আকাশ হেমব্রম। তবে ম্যাচ জিতলেও রক্ষণ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে কোচ অর্চিষ্মান বিশ্বাসের। তুলনামূলক কম শক্তিশালী ইউনাইটেড কলকাতার বেশ কয়েকবার কাঁপিয়ে দিয়েছে মহিতোষ চাকলাদার, বিক্রম প্রধানদের। এমন ভুল ডার্বিতে বিপদে ফেলতে পারে ইস্ট বেঙ্গলকে। তার উপর একাধিক সিনিয়র ফুটবলারকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে মরিয়া মোহন বাগানের। তাই সোমবারের আগে রক্ষণ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে লাল-হলুদ কোচকে।
এদিন শুরু থেকেই মাঝমাঠের রাশ দখলে নেয় মশাল বাহিনী। তবে প্রথম পর্বে গোলের দরজা খুলতে ব্যর্থ অনন্থু, উত্তম হাঁসদারা। ডেডলক খোলেন আকাশ। ম্যাচের ২২ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি (১-০)। পরের মিনিটেই সমতায় ফেরার সুযোগ ছিল ইউনাইটেড কলকাতার সামনে। দু’বার লাল-হলুদ রক্ষণ ভেঙেও লক্ষ্যভেদে ব্যর্থ তারা। বিরতির পর তাগিদ দেখিয়ে চাপ তৈরির চেষ্টা করে ইউনাইটেড কলকাতা। এই পর্বেও ইস্টবেঙ্গল রক্ষণকে বেশ বিভ্রান্ত দেখায়। তবে বিপদ হয়নি। ৮৬ মিনিটে দ্বিতীয় গোল আকাশের (২-০)। এরপর ম্যাচের সংযোজিত সময়ে দূরপাল্লার দুরন্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের নায়ক (৩-০)। এই জয়ের সুবাদে গ্রুপ এ’তে দ্বিতীয় স্থানেই রইল ইস্ট বেঙ্গল (১০ ম্যাচে ২৬ পয়েন্ট)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ