Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মুম্বই সিটিকে হারাতে তৈরি ইস্ট বেঙ্গল

মরশুম শেষে ইস্ট বেঙ্গল ছাড়ার ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। তাঁর এরকম তুলঘকিপনায় সমর্থকরা উদ্বিগ্ন

অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মুম্বই সিটিকে হারাতে তৈরি ইস্ট বেঙ্গল
  • ৫ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরশুম শেষে ইস্ট বেঙ্গল ছাড়ার ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। তাঁর এরকম তুলঘকিপনায় সমর্থকরা উদ্বিগ্ন। কোচের সিদ্ধান্তে দলের ফোকাস নড়ে যাবে নাতো? তীব্র আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। এমন পরিস্থিতিতেই মঙ্গলবার চলতি আইএসএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছেন সাউলরা। ফুটবল এরিনায় ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মুম্বই সিটি। জিতলে প্রবলভাবে খেতাব জয়ের আশা জিইয়ে রাখবে মশাল বাহিনী। অন্যথায় চ্যাম্পিয়নশিপ ট্র্যাকে আরও পিছবে অস্কারের দল। হাই-ভোল্টেজ ম্যাচের আগে সোমবার কলকাতায় অনুশীলন সেরে সন্ধ্যায় বাণিজ্যনগরীতে পৌঁছাল লাল-হলুদ ব্রিগেড। ফ্লাইট বিভ্রাটে দেরি হয় বেশ কিছুক্ষণ। যাই হোক, প্রতিপক্ষকে সমীহ করে অস্কারের মন্তব্য, ‘মুম্বই সত্যিই ব্যালান্সড দল। মাঝমাঠ খুবই শক্তিশালী। তবে পরিকল্পনা সাজিয়েই আমরা মাঠে নামব।’ উল্লেখ্য, মুম্বইয়ের বিরুদ্ধে স্কোয়াডে ফিরছেন মিগুয়েল। ব্রাজিলিয়ান ফুটবলারের নির্বাসন তুলে নিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।

Advertisement

আইএসএলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। মুম্বইকে বশ মানাতে পারলে গোল পার্থক্যের নিরিখে শীর্ষে পৌঁছানোর সুযোগ ইস্ট বেঙ্গলের সামনে। তবে গোয়াকে হারালেই ফের সবাইকে টপকে যাবে মোহন বাগান। যাই হোক, কোন অংকে যুদ্ধ জিততে চাইছেন অস্কার? মিগুয়েলের অন্তর্ভুক্তিতে মাঝমাঠের বৈচিত্র্য অনেকটাই বাড়বে। কিন্তু ব্রাজিলিয়ান মিডিওকে শুরু থেকে খেলানো নিয়ে ধোঁয়াশা থাকছেই। গত দু’দিন চার ডিফেন্ডারে অনুশীলন করিয়েছেন অস্কার। বিপক্ষে ছাংতে, নৌফল, বিক্রমপ্রতাপ সিংয়ের মতো উইং হাফ রয়েছেন। তাই ঝটকা সামলে প্রতি-আক্রমণের রাস্তায় হাঁটতে চায় লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। সেক্ষেত্রে মিগুয়েলকে পরে নামিয়ে অল-আউট আক্রমণ শানানোর ভাবনা রয়েছে থিঙ্কট্যাঙ্কের। মাঝমাঠে রশিদও সুস্থ। ফলে মিডল করিডরে চাইলে একইসঙ্গে তিন বিদেশিকে ব্যবহার করতেই পারেন স্প্যানিশ কোচ। মুম্বইয়ের মাঝমাঠও বেশ শক্তিশালী। জনি কাউকো গোটা দলের ব্যান্ডমাস্টার। নিজেদের বক্সের উপরে পাহাড়ের মতো দাঁড়িয়ে খেলা কন্ট্রোল করেন মোহন বাগানের প্রাক্তনী কাউকো। আর্জেন্তাইন স্ট্রাইকার পেরেরা ডিয়াজের সঙ্গে তাঁর টেলিপ্যাথির যোগ। রক্ষণে নুনো রেইস বড় ভরসা। অন্যদিকে, লাল-হলুদের বড় অস্ত্র বিপিন সিং ও বিষ্ণু। চনমনে দুই উইং হাফের সঙ্গে এডমুন্ডকে জুড়ে দিয়ে বিপক্ষকে চাপে ফেলতে চায় থিঙ্কট্যাঙ্ক। কিন্তু বিষ্ণুকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ভালপুইয়া। মনে রাখতে হবে, মোহন বাগানের লিস্টনকে নড়তে দেননি তরুণ উইং ব্যাক। যুযুধান দু’দলের মাঝমাঠের পারফরম্যান্সের উপর ম্যাচের রং অনেকটাই নির্ভর করবে।ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
সম্প্রচার ফ্যানকোড ও সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ