Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

খিদিরপুরকে হারিয়ে সুপার সিক্সের পথে ইস্ট বেঙ্গল

ময়দানের প্রাচীন প্রবাদ, ম্যাচের শুরুতে তেকাঠিতে বল ধাক্কা খাওয়া অশুভ ইঙ্গিত

খিদিরপুরকে হারিয়ে সুপার সিক্সের পথে ইস্ট বেঙ্গল
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

খিদিরপুর স্পোর্টিং-০                :               ইস্ট বেঙ্গল-২

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের প্রাচীন প্রবাদ, ম্যাচের শুরুতে তেকাঠিতে বল ধাক্কা খাওয়া অশুভ ইঙ্গিত। বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল বনাম খিদিরপুর ম্যাচের শুরুতেই আকাশ হেমব্রম ও মনোতোষ মাঝির শট ক্রসপিসে প্রতিহত হয়। এরপর ফের আকাশের হেড বারে লাগতেই ইস্ট বেঙ্গল গ্যালারিতে উদ্বেগ। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। শেষ পর্যন্ত অনায়াসেই খিদিরপুরকে ২-০ গোলে হারিয়ে সুপার সিক্সের পথে এক পা বাড়িয়ে রাখল লাল-হলুদ ব্রিগেড। আকাশ হেমব্রম লিড দেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মহম্মদ বিলাল। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে ইস্ট বেঙ্গল। আগামী রবিবার ঘরের মাঠে কাস্টমসের গাঁট টপকাতে পারলেই সেরা ছয়ে পৌঁছে যাবে অর্চিস্মান বিশ্বাসের দল।
এদিন ম্যাচের টিম লিস্ট দেখে অনেকেই অবাক। ইস্ট বেঙ্গলের প্রথম একাদশে ১১ জনই বঙ্গসন্তান। মেহতাবের খিদিরপুরেও তাই। ঘরোয়া লিগের পক্ষে দারুণ বিজ্ঞাপন। তার সঙ্গে তাল মিলিয়েই ২৭ মিনিটে আকাশ হেমব্রমের লক্ষ্যভেদ। বিপক্ষের দুই ডিফেন্ডার জায়গা জোড়া করে ছিলেন। রুমালের মতো চিলতে জায়গায় কোনাকুনি সোয়ার্ভিং শটে জাল কাঁপান লাল-হলুদের উইং হাফ (১-০)। গোল দেখে প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজিও মুগ্ধ। বিরতির আগে আরও একবার চাঞ্চল্য ছড়াল গ্যালারিতে। ভাদ্রের পচা গরমে অসুস্থ হয়ে পড়েন এক সমর্থক। ক্লাব তাঁবুতে নিয়ে এসে তাঁর চিকিৎসা করা হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্ট বেঙ্গলের দাপট। কিন্তু অহেতুক না দৌড়ে ঠিক সময়ে বল ছাড়া শিখতে হয়। বিজয় মুর্মু, সঞ্জীব ঘোষরা উলটো করলেন। এরমধ্যেই ৬৭ মিনিটে জাল কাঁপান মহম্মদ বিলাল। এক্ষেত্রে বিজয় মুর্মু গতি বাড়ানোর সময় পড়ে গেলে বল ছিটকে যায়। অরক্ষিত বিলাল ঠান্ডা মাথায় বল জালে জড়ান (২-০)। এরপর পরিবর্ত হিসাবে নামা রবি দাস পেনাল্টি নষ্ট না করলে ব্যবধান বাড়তেই পারত। খিদিরপুর কেমন খেলল? মোহন বাগানকে রুখে দিয়েছিল মেহতাব ব্রিগেড। কিন্তু ইন্টার স্টেট ট্রান্সফারের আগে কয়েকজন ফুটবলারকে রিলিজ করেছে তারা। সুপার সিক্সের আশাও শেষ খিদিরপুরের।

Advertisement
সম্পর্কিত সংবাদ