নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারপুজোর সকালে ইস্ট বেঙ্গল মাঠে অনুশীলন করবে অস্কার ব্রিগেড। সুপার কাপে গতবারের চ্যাম্পিয়ন গিল, সাউলরা। খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড। রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে প্রস্তুতি চলছে নিঃশব্দে। তবে সদস্য-সমর্থকদের কথা ভেবে পয়লা বৈশাখে ঘরের মাঠে প্র্যাকটিসের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইস্ট বেঙ্গলের প্রথা অনুযায়ী দলের সিনিয়র ফুটবলারকে আগামী মরশুমের অধিনায়ক বেছে নেওয়া হয়। নাওরেম মহেশ সিং দলের অধিনায়ক হচ্ছেন। তিনিই বারপুজোয় বসবেন। পাশাপাশি রিজার্ভ দলের ফুটবলারদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। চলতি মরশুমে মহিলাদের জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গলের মহিলা দল। ঘরের মাঠে আগামী ১৮ এপ্রিল গোকুলাম কেরালার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন আশালতা দেবীরা। সেদিনই ট্রফি তুলে দেওয়া হবে তাদের হাতে। বারপুজোয় বাড়তি আকর্ষণ প্রমীলা ব্রিগেডের উপস্থিতি। সবমিলিয়ে চলতি মরশুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া কর্তারা।
এদিকে, ক্লেটন সিলভাকে বিতর্কে সরগরম ইস্ট বেঙ্গল। রবিবার চেন্নাইয়ানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কোচের বিরুদ্ধে ঝামেলায় জড়ান ব্রাজিলিয়ান ফুটবলার। মাঠ থেকে তুলে নেওয়ার পর রাগে বাড়ি ফিরে যান তিনি। সূত্রের খবর, বর্ষীয়ান ফুটবলারের উপর ক্ষেপে লাল কোচ অস্কার। এবিষয়ে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘সত্যিই দুর্ভাগ্যজনক। শৃঙ্খলারক্ষার বিষয়টি নিশ্চয়ই কোম্পানির কর্তারা দেখবেন।’ পাশাপাশি আগামী মরশুমে শক্তিশালী দলগঠনের দাবি ক্রমশ চড়া হচ্ছে সমর্থকদের মধ্যে। চলতি মরশুমে ঐতিহাসিক সাফল্য পেয়েছে মোহন বাগান। সেখানে ইস্ট বেঙ্গলের আকাশে ব্যর্থতার মেঘ। শক্তিশালী দল গড়তে বড় বাজেট প্রয়োজন। লগ্নিকারী সংস্থা তা না বুঝলে লাভের লাভ শূন্য। হায়দরাবাদের প্রাক্তন কোচ থংবই সিংটোকে ইতিমধ্যেই ‘হেড অব ফুটবল’ পদে নিয়োগ করা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই কোচের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন তিনি। ভারতীয় স্কোয়াড শক্তিশালী করতে দু’জন উইং ব্যাক, একজন স্টপার ছাড়াও উইং হাফ ও মিডফিল্ডার চেয়েছেন অস্কার। পাঞ্জাব এফসি’র অভিষেক সিংয়ের বাজার চড়া। ইস্ট বেঙ্গল ছাড়াও মুম্বই তাঁকে নিতে উৎসাহী। নজর রয়েছে মোহন বাগানেরও। অভিষেককে পেতে মাসিক বেতন ছাড়াও ৬০ লক্ষ টাকা ট্রান্সফার ফি প্রয়োজন। পাশাপাশি নতুন মরশুমে বিদেশি বাছাইয়ের ক্ষেত্রেও অনেক সতর্ক থিঙ্কট্যাঙ্ক। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নিজের পছন্দ জানিয়ে দিয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ।