নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি উওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে দুরন্ত শুরু ইস্ট বেঙ্গলের। সোমবার মালয়েশিয়ায় আয়োজিত প্রথম ম্যাচে বাংলাদেশের রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে হারাল অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা। জোড়া লক্ষ্যভেদ অলিভিয়া আনোকিয়ের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন অষ্টমী ওঁরাও ও সৌম্যা গুগুলথ। ২০ আগস্ট গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে লাল-হলুদ প্রমীলা ব্রিগেডের প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি। আর ২৩ আগস্ট ইস্ট বেঙ্গল খেলবে মালয়েশিয়ার সাবা এফএ’র বিরুদ্ধে। এই পর্বে শীর্ষে থাকা দল সরাসরি গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করবে। ফলে পরবর্তী দু’টি ম্যাচেও জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য লাল-হলুদ ব্রিগেডের।



