Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নতুন ইনভেস্টর পেতে প্রত্যয়ী ইস্ট বেঙ্গল

ইস্ট বেঙ্গল নতুন ইনভেস্টর খুঁজছে, ইমামি গোষ্ঠী বিনিয়োগে নারাজ। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। বিস্তারিত পড়ুন।

নতুন ইনভেস্টর পেতে প্রত্যয়ী ইস্ট বেঙ্গল
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। ভারত সেরা দলকে নিয়ে আশার জাল বুনছেন সমর্থকরা। কিন্তু ইনভেস্টরের সমস্যা প্রত্যাশার বেলুনে পিন ফুটিয়ে দিয়েছে। লাল-হলুদে বিনিয়োগে নারাজ ইমামি গোষ্ঠী। আসলে ফুটবল নিয়েই উৎসাহ হারিয়েছেন তাঁরা। দল গড়তে খরচ প্রচুর। কিন্তু লাভের লাভ শূন্য। তার উপর কোনো রোডম্যাপ নেই ফেডারেশনের। ফলে হাত গুটিয়েছে ইমামি। সরকারিভাবে বিবৃতি না দিলেও ফুটবল নিয়ে তিতিবিরক্ত লগ্নিকারী সংস্থা। শোনা যাচ্ছে, তাঁরা বিচ্ছেদের নোটিশও পাঠিয়েছে ইস্ট বেঙ্গলে। কিন্তু তারপর? শক্তিশালী দল গড়তে বিপুল অর্থ প্রয়োজন। ইস্ট বেঙ্গলের মহিলা দলও এএফসি খেলবে। সেখানেও দল গড়তে মোটা টাকা দরকার। ঘরোয়া লিগ, বয়সভিত্তিক দল তো রয়েইছে। কিন্তু ফুটবলের জন্য টাকা ঢালবেন কে? লাল-হলুদ কর্তারা নতুন ইনভেস্টর জোগাড়ে মরিয়া। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে যান শীর্ষ কর্তারা। ক্লাব সভাপতি মুরারি লোহিয়াও উপস্থিত ছিলেন। যে কোনো প্রয়োজনে লেসলি ক্লডিয়াস সরণির পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইনভেস্টর ইস্যুতে আপাতত তাঁর দিকেই তাকিয়ে শতাব্দীপ্রাচীন     ক্লাব। একই সঙ্গে কিছু কো-স্পনসর জোগাড়ের চেষ্টাও চলছে। সবমিলিয়ে প্রাথমিক ধাক্কা সামলাতে মরিয়া কর্তারা। মিগুয়েল, কেভিন সিবলেকে ধরে রাখার জন্য অল আউট যাচ্ছে থিঙ্কট্যাঙ্ক। পাশাপাশি সাউল ক্রেসপো, সোয়বার্গের পরিবর্তে ভালো মানের বিদেশি প্রয়োজন। গোলরক্ষক প্রভসুখন ও লালচুংনুঙ্গাকেও ধরে রাখতে বদ্ধপরিকর কর্তারা।

Advertisement

১ জুন নতুন ফুটবল মরশুম শুরু হয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গলে দলগঠন এখনও থমকে। টিম ম্যানেজমেন্টের হাতে সময় কম। জুলাইতে ডুরান্ড কাপ শুরু। তার উপর আগস্টে এএফসি কাপের ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। কোচ নিয়োগ থেকে ফুটবলার রিক্রুট, গোটা সিস্টেম দাঁড়িয়ে ফান্ডিংয়ের উপর। কিন্তু এদেশে কর্পোরেট কোম্পানি ফুটবলে তেমন উৎসাহী নয়।  এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুরোধে ইস্ট বেঙ্গলে ইনভেস্ট করতে রাজি হয়েছিল শ্রী সিমেন্ট, ইমামির মতো সংস্থা। ৩ বছরে শাঁসালো লগ্নি করেছে বাইপাসের ধারের কর্পোরেট কোম্পানি। 

সম্পর্কিত সংবাদ