নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফের ই-নমিনেশনে চাই ই-স্বাক্ষর। নাহলে সেই মনোনয়ন গ্রাহ্যই হবে না। এবার এব্যাপারে কর্মী পিএফের (ইপিএফ) গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পথে হাঁটছে শ্রমমন্ত্রক। অভিযোগ, নমিনেশন জমা দিলেও অধিকাংশ সময়েই তাতে ই-স্বাক্ষর থাকছে না। এর ফলে অনেক ক্ষেত্রেই তা বাতিল হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হচ্ছে শ্রমমন্ত্রক এবং তার আওতায় থাকা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। সরকারি সূত্রে জানানো হয়েছে, ইউএএন (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইপিএফ অ্যাকাউন্ট লগ ইন করে ইপিএফের যে কোনো গ্রাহক খুব সহজেই ই-স্বাক্ষর সহ নমিনেশন জমা দিতে পারবেন। প্রসঙ্গত, কোনো ইপিএফ গ্রাহক যদি ই-নমিনেশন না করান, তাহলে কোনোভাবে তাঁর মৃত্যু হলে ইপিএফ তহবিলে তাঁর সঞ্চিত অর্থ সঠিক উত্তরাধিকারীর হাতে তুলে দেওয়া সম্ভব হয় না। এই পরিস্থিতিতে গোড়া থেকেই ইপিএফের ই-নমিনেশন জমা দেওয়ার ব্যাপারে জোর দিয়েছে কেন্দ্র। এবার নতুন সমস্যা তৈরি হয়েছে ই-সিগনেচার বা ই-স্বাক্ষর নিয়ে। তা মেটাতেই দেশব্যাপী প্রচার চালানোর পরিকল্পনা করছে শ্রমমন্ত্রক।



