নয়াদিল্লি: ‘সকাল থেকেই এমন হচ্ছে। যাত্রী নিয়ে এগোতেই পারছি না। হঠাৎ থেমে যাচ্ছে রিকশ। কিছুই বুঝতে পারছি না। শুনলাম কীসব অ্যাপ দিয়ে মজা করছে পথচলতি ছেলেগুলো। এভাবে আমাদের পেটে লাথি মারলে বাঁচা অসম্ভব। দু’পয়সা রোজগার না করলে খাব কী?’ মাঝরাস্তায় থেমে গিয়েছে ই-রিকশ। তার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে কথাগুলি বলছিলেন এক প্রৌঢ় রিকশওয়ালা। নেপথ্যে চীনা ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যাপ। ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে হঠাৎই অকেজো করে দেওয়া হচ্ছে ই-রিকশগুলি। রাজধানী দিল্লি সহ দেশের নানা প্রান্ত থেকে এমনই অভিযোগ আসছে। একাধিক ভিডিয়োও সামনে এসেছে। এরপরই নড়েচড়ে বসল কেন্দ্র। অবিলম্বে ব্যাট বিএমএস ও ইপোচ লি-আয়ন নামে দু’টি অ্যাপকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এল কৃষ্ণণ জানিয়েছেন, দ্রুত অ্যান্ড্রয়েড প্লে স্টোর ও অ্যাপল অ্যাপস্টোর থেকে এই অ্যাপগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে এনিয়ে প্লে স্টোর ও অ্যাপস্টোরের সঙ্গে বৈঠকে বসবে সরকার।



