নয়াদিল্লি, ৩০ জুন: দিল্লিতে ক্ষমতায় আসার আগে বিজেপির অন্যতম প্রচারের ইস্যু ছিল দূষণ। প্রয় দেড় বছর হতে চলল রেখা গুপ্তা সরাকারে। অথচ দূষণমুক্ত রাজধানীর স্বপ্ন এখনও দুরস্ত। এই পরিস্থিতিতে আগামীকাল, ১ জুলাই থেকে দিল্লিতে চালু হতে চলেছে 'ইভি নীতি ২০২৬'। যা বহাল থাকবে ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর ফলে রাজধানীর রাজপথে আসতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল।
কী বলা হয়েছে নতুন নীতিতে? ৩০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের বৈদ্যুতিক গাড়ি কিনলে রোড ট্যাক্স বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। সরকার জানিয়েছে, শুধুমাত্র জিরো-এমিসন যানবাহনের ব্যবহার বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কোনও ধরনের ভর্তুকি মিলবে না। নতুন নীতি অনুযায়ী, ইলেকট্রিক টু-হুইলার কেনার ক্ষেত্রে প্রথম বছরে ৩০ হাজার টাকা, দ্বিতীয় বছরে ২০ হাজার টাকা এবং তৃতীয় বছরে ১০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। ইলেকট্রিক থ্রি-হুইলার অর্থাৎ ই-রিক্সার ক্ষেত্রেও মিলবে আর্ধিক শুবিধা। এক্ষেত্রে প্রথম বছরে ভর্তুকি বাবদল মিলবে ৫০ হাজার টাকা। দ্বিতীয় এবং তৃতীয় বছরে যথাক্রমে মিলবে ৪০ ও ৩০ হাজার টাকা। এন ১ ক্যাটাগরির ইলেকট্রিক ট্রাক কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়া যাবে।
পাশাপাশি পুরনো গড়ির সংখ্যা কমাতেও উদ্যোগী হয়েছে দিল্লি সরকার। বিএস-ফোর বা তার চাইতেও পুরনো কোনও যানবাহন স্ক্র্যাপ করে নতুন ইভি কিনলে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ইনসেনটিভ মিলবে। এছাড়া ২০২৮ সালের ১ এপ্রিল থেকে রাজধানীতে নতুন পেট্রোল ও সিএনজি চালিত দু’চাকার গাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের পর শুধুমাত্র নতুন ইলেকট্রিক টু-হুইলারেরই কেবলমাত্র রেজিস্ট্রেশনই করা যাবে।