নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির নিট সংক্রান্ত প্রতিবাদ এবং বিক্ষোভ সাফল্য পাওয়ায় এবার মোদি সরকারের উপর চাপ বাড়াতে আসরে অরবিন্দ কেজরিওয়াল। ককরোচ জনতা পার্টির আগে বস্তুত এই ধাঁচের অরাজনৈতিক নাগরিক আন্দোলনের রূপকার হয়েছিলেন কেজরিওয়াল। এবার সেই স্মৃতি মনে রেখেই ইথানল মিশ্রিত পেট্রল বাধ্যতামূলকভাবে জনতার উপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে তিনি রাস্তায় নামছেন। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সম্মেলনে কেজরিওয়াল ঘোষণা করেন, সরকারকে আমজনতার সামনে বিকল্প দিতে হবে। জোর করে জনতাকে ওই ইথানল মিশ্রিত পেট্রলই কিনতে বাধ্য করা যাবে না। কেজরিওয়ালের দাবি, বিশুদ্ধ পেট্রল এবং ইথানল মিশ্রিত পেট্রল দুই ব্যবস্থাই থাকতে হবে সমস্ত পেট্রল পাম্পে। ক্রেতাদের অধিকার দেওয়া হোক বেছে নেওয়ার। সেজন্য আকাশছোঁয়া দাম নেওয়া চলবে না। কেজরিওয়াল বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী মঙ্গলবার গণস্বাক্ষরিত স্মারকলিপি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন। প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হবে ওই স্মারকলিপি। ১০০ জনের একটি পদযাত্রা যাবে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে। সম্পূর্ণ শান্তিপূর্ণ ওই মিছিল হবে আগামী মঙ্গলবার। প্রশ্ন হল, পুলিশ ওই অনুমতি দেবে কি না। কারণ কনস্টিটিউশন ক্লাবের এই সম্মেলন ঘিরেই শনিবার গোটা এলাকায় ছিল কড়া পুলিশ ও র্যাফ নিরাপত্তা। এদিকে, সমাজকর্মী তেহসিন পুনাওয়ালাকে এদিন পুলিশ গৃহবন্দি করেছে বলে অভিযোগ। এক্স হ্যান্ডলে তেহসিন একটি ভিডিয়ো (সত্যতা বর্তমান দেখেনি) পোস্ট করে লিখেছেন, দিল্লি পুলিশের মহিলা আধিকারিক সহ পুরো ব্যাটালিয়নই তাঁকে গৃহবন্দি করেছে। ইথানল নিয়ে গাদকারি ভয় পেয়েছেন। ই-২০ পেট্রলের বিরুদ্ধে নীরব প্রতিবাদের কথা জানিয়েছিলেন তিনি।



