সংবাদদাতা, উলুবেড়িয়া: ডিভিসি জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করেছে। তার জেরে দামোদর ও মুণ্ডেশ্বরী নদীতে জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে। মুণ্ডেশ্বরী নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় দীপাঞ্চলের কিছু অংশে মাঠঘাট ডুবতে শুরু করেছে। অন্যদিকে, দামোদরে জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদয়নারায়ণপুরের নদী তীরবর্তী এলাকায় চাষের জমি জলমগ্ন হতে শুরু করেছে। সেচদপ্তরের বক্তব্য, দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হলে কয়েকটি এলাকায় বাঁধ উপচে গ্রামে জল ঢুকতে পারে।
অন্যদিকে, বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া। তিনি প্রশাসনের আধিকারিকেদর সঙ্গে বৈঠক করেন। অপরদিকে কয়েকটি নীচু এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো শুরু হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, শুক্রবার কয়েকটি নীচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা আছে। ইতিমধ্যে ২০০ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সন্তানসম্ভবা মহিলাদের উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকেদের প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ত্রাণ শিবির হিসাবে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালগুলিতে অ্যান্টি ভেনাম মজুত রাখা হয়েছে। অন্যদিকে, মুণ্ডেশ্বরী নদীতে জল বৃদ্ধি পাওয়ায় দীপাঞ্চল ভাটোরা গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাটোরার গায়েন পাড়া এলাকায় নীচু জায়গায় জল ঢুকতে শুরু করেছে। পাশাপাশি দক্ষিণ ভাটোরায় নীচু জমিতে জল ঢুকতে শুরু করেছে।