নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়া নিয়ে ফের শুরু হল নবান্ন-ডিভিসি দ্বন্দ্ব। শুক্রবার ৫৫ হাজার কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। তাদের কিছু না জানিয়েই এই জল ছাড়া হয়েছে বলে অভিযোগ রাজ্যের। এর প্রতিবাদে ডিভিসি কর্তৃপক্ষকে ই-মেল করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেচদপ্তরের তরফে পাঠানো ওই ই-মেলে সাফ বলা হয়েছে, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে। কিছুদিন আগেই একবার প্লাবিত হয়েছে এই সমস্ত এলাকা। এখন পুনর্নির্মাণের কাজ চলছে। নতুন করে জল ছাড়ার ফলে সেই কাজও ধাক্কা খাবে বলে ডিভিসি-কে জানানো হয়েছে। রাজ্যের দাবি, পাঞ্চেত জলাধারের জলস্তর (সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী) ৪১১ ফুট থাকা সত্ত্বেও জল ছাড়া হয়েছে। এমন কেন করা হল, তা জানতে চাওয়া হয়েছে মেলের মাধ্যমে। সেই সঙ্গে আগামী দিনে রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়ার অনুরোধ করা হয়েছে।



