সংবাদদাতা, দুর্গাপুর: কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স (এনকিউএএস) গুণমানের পরীক্ষায় এবার নজির গড়ল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। শনিবার এই বিষয়ে হাসপাতালে একটি সাংবাদিক সম্মেলন করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। পাশাপাশি এদিন হাসপাতালের অপারেশন থিয়েটারের অত্যাধুনিক আলো ও অপারেশন টেবিলের শুভ উদ্বোধন করেন মন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, হাসপাতালের সুপার ধীমান মণ্ডল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্র সরকারের এনকিউএএস দেশের হাসপাতালগুলির মানদণ্ড স্থির করে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মহকুমা হাসপাতালের বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে সমীক্ষা হয়। একসপ্তাহ ধরে কাজকর্মের মূল্যায়ন করা হলে মহকুমা হাসপাতাল গড়ে ৮৭% নম্বর পায়। আবার কোনও কোনও বিভাগে ৯৫ শতাংশ নম্বর পেয়েছে বলে দাবি করেছেন চিকিৎসকরা। সমীক্ষায় হাসপাতালের সম্মান বৃদ্ধি হওয়ায় গর্বিত হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক সহ কর্মীরা। সুপার বলেন, ওই সরকারি সংস্থার আধিকারিকরা ৭ দিন ধরে আটটি কঠোর পরীক্ষা নেন। বিভিন্ন ধাপ ও বিভাগের চিকিৎসার মূল্যায়ন করে। তার পরে গুণমান যাচাই করে থাকে কেন্দ্র। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বলেন, হাসপাতালের চিকিৎসা থেকে সমস্ত রকম পরিষেবার মান আগের থেকে উন্নত হয়েছে। এনকিউএএস মূল্যায়নে সেটা প্রমাণিত। মন্ত্রী বলেন, ভারত সরকারের এনকিউএএস গুণমানের পরীক্ষায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সসম্মানে উত্তীর্ণ হয়েছে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে আজ অপারেশন থিয়েটারে অত্যাধুনিক আলো ও অপারেশন টেবিল দেওয়া হয়েছে। • নিজস্ব চিত্র