চেন্নাই: তারকাদের ভিড়েও আকর্ষণের কেন্দ্রে সেই বৈভব সূর্যবংশী। রবিবার চিপকে শুরু হতে চলা দলীপ ট্রফির ফাইনালে ১৫ বছর বয়সির দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। অথচ, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল দলে খ্যাতনামা ক্রিকেটারের সংখ্যা কম নয়। ঈশান কিষানের নেতৃত্বে পূর্বাঞ্চলে রয়েছেন মহম্মদ সামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, অনুকূল রায়, শাহবাজ আমেদরা। উলটোদিকে তিলক ভার্মা ব্রিগেডে আছেন দেবদত্ত পাদিক্কাল, মহম্মদ সিরাজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটমহল। তিলক, ঈশান ও বৈভবকে পাঁচ দিনের এই ফাইনাল খেলেই যোগ দিতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের শিবিরে। ১৩ তারিখ শুরু সেই সিরিজ। ফলে বিশ্রামের সময় পাবেন না ত্রয়ী। এরইমধ্যে সামির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পূর্বাঞ্চল ক্যাপ্টেন ঈশান। উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নামার আগে আত্মবিশ্বাসী দেখাচ্ছে ডানহাতি পেসারকে। ৩৬ বছর বয়সেও দেশের জার্সিতে মাঠে নামার আশায় সামি। দলীপে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে আরও জোরালো হবে তাঁর সেই দাবি।



