


সংবাদদাতা, কাঁথি: এলাকাবাসীদের দাবি মেনে সৈকতশহর দীঘার লোয়ার মেরিন ড্রাইভ রাস্তার সংস্কারের কাজে হাত দেবে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা (ডিএসডিএ)। পাঁচ কিলোমিটার রাস্তাটি দীঘা ওয়েলকাম গেটের গোড়া থেকে শুরু হয়ে পূর্বদিকে পূর্ব মুকুন্দপুরের নায়েকালী মন্দির সংলগ্ন এলাকা পর্যন্ত গিয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল। ডিএসডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মণ্ডল বলেন, বর্ষার পর রাস্তাটি সংস্কার করা হবে। তারজন্য খসড়া তৈরি সহ প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
জানা গিয়েছে, এই রাস্তায় স্থানীয় পদিমা-২ পঞ্চায়েতের মৈত্রাপুর, মির্জাপুর, পূর্ব মুকুন্দপুর, আসনপুর, ঝাউগেড়িয়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা নিত্য যাতায়াত করতেন। দীঘা শহরে যাওয়া-আসা করার জন্য শর্টকার্ট হিসেবে এই রাস্তাটি ব্যবহার করতেন তাঁরা। কিন্তু খারাপ রাস্তার জন্য তাঁদের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এই রাস্তাটি দু’বছরেরও বেশি সময় ধরে বেহাল। গোটা রাস্তাজুড়েই বড় বড় গর্ত। খানাখন্দে ভরা।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই পরিস্থিতি। বর্ষাকালে রাস্তার অবস্থা আরও সঙ্গীন হয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় ইতিপূর্বে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। এই কারণে বাসিন্দারা এই রাস্তাটি এখন এড়িয়ে চলেন। বেশিরভাগ লোকজনই এখন কিছুটা ঘুরে হলেও আপার মেরিনড্রাইভ রাস্তা দিয়েই যাতায়াত করেন। দীঘা মোহনার মাছের গাড়িগুলিও একটা সময় এই রাস্তায় যাতায়াত করত। কিন্তু ভাঙাচোরা রাস্তার জন্য সেই পথ দিয়ে যাওয়া যায় না। আপার মেরিনড্রাইভ রাস্তা দিয়েই যাতায়াত করে মাছের গাড়ি। শুধু তাই নয়, ফাঁকা রাস্তা হওয়ায় রাতে কিংবা দিনেরবেলায়ও মদ-জুয়ার আসর বসে যায় বলে স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিযোগ।
উল্লেখ্য, বছরচারেক আগে দীঘা ওয়েলকাম গেট সংলগ্ন এলাকা থেকে সমুদ্রবাঁধের উপর দিয়ে নতুন মেরিনড্রাইভ রাস্তা করেছে ডিএডিএ। আর বাঁধের নীচ দিয়ে গিয়েছে পুরনো লোয়ার মেরিনড্রাইভ রাস্তা। আগে দীঘার মেরিনড্রাইভ বলতে ওই রাস্তাটিই বোঝাত। কিন্তু আপার মেরিনড্রাইভ রাস্তা তৈরি হওয়ার পর এই রাস্তার গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে। গুরুত্ব কমতেই রাস্তার দিকে প্রশাসনও নজর দিচ্ছে না বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এলাকার বাসিন্দা শিক্ষক শুভজিৎ জানা বলেন, রাস্তাটি অনেকদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এটি দীঘার ক্ষেত্রে বেমানান। রাস্তাটি অবিলম্বে সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি আমাদের রয়েছে। পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র বলেন, রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছে ডিএসডিএ।